নরসিংদী পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন হত্যা মামলায় গত রোববার গ্রেপ্তার হওয়া নাজমুল হাসান শরীফসহ চারজনের মধ্যে তিনজনকে ১৪ দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে। অপরজনকে নেওয়া হয়েছে চার দিনের রিমান্ডে।গতকাল মঙ্গলবার দুপুরে শরীফসহ চারজনকে নরসিংদীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম নিতাই চন্দ্র সাহার আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ। তাঁদের মধ্যে শরীফ, আওলাদ হোসেন ও সারোয়ার হোসেনকে অস্ত্র মামলায় সাত দিন এবং হত্যা মামলায় ১০ দিন করে এবং মীর দেলোয়ার হোসেনকে অস্ত্র মামলায় চার দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। শুনানি শেষে আদালত প্রথম তিনজনকে মোট ১৪ দিন করে এবং শেষের জনকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।নরসিংদী গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার গভীর রাতে ঢাকার খিলগাঁও এলাকার নন্দীপাড়া থেকে শরীফ ও আওলাদকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, সারোয়ারকে গাজীপুরের জয়দেবপুর উপজেলার চাপুলিয়া বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আর সারোয়ারের স্বীকারোক্তি অনুযায়ী, সদর উপজেলার ঘোড়াদিয়া চকপাড়া থেকে একটি রিভলবার ও গুলিসহ গ্রেপ্তার করা হয় দেলোয়ারকে।শরীফ থেকে কিলার শরীফনাজমূল হাসান শরীফ ওরফে কিলার শরীফের বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার নোয়াদিয়া গ্রামে। তবে তাঁর পরিবার থাকত নরসিংদী শহরের পূর্ব ব্রাহ্মন্দী এলাকায়। শরীফ জেলা পুলিশের তালিকাভুক্ত পেশাদার খুনি ও অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ছয়টি হত্যা মামলা, একটি অস্ত্র মামলা, একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলা ও দুটি মারামারির মামলা রয়েছে। এর মধ্যে শিবপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন হত্যা, একই উপজেলার বাঘাব ইউনিয়নের চাঁদপাশা গ্রামের ইউসুফ মিয়া হত্যা, নরসিংদী শহরের বীরপুর এলাকার সন্ত্রাসী এমদাদ হত্যা, ব্রাহ্মন্দী এলাকার ইসমাইল হোসেন হত্যা মামলার অন্যতম আসামি শরীফ। বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা গেছে, শরীফ নরসিংদী সরকারি কলেজের ছাত্র ছিলেন। ছাত্র অবস্থায় বীরপুর এলাকার কুখ্যাত সন্ত্রাসী এমদাদ গ্রুপের সঙ্গে তাঁর পরিচয় হয়। ওই গ্রুপের এমরান হোসেন ওরফে মিঞা ভাই, রনি মিয়া ওরফে ইঞ্জিন রনি, বাবলু মিয়া, রুবেল মিয়া, ইসমাইল হোসেন, জামান মিয়া, শিহাব মিয়া, শান্ত ও মাছুম মিয়া ওরফে ভাল্লুক মাছুমের সঙ্গে সম্পর্ক হয়। একপর্যায়ে সন্ত্রাসী ও চাঁদাবাজির টাকার ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জের ধরে গ্রুপের প্রধান এমদাদকে গুলি করে হত্যা করে কিলার শরীফ, ইঞ্জিন রনি ও ইসমাইল। পরে এ গ্রুপের নেতৃত্ব পায় এমরান হোসেন ওরফে মিঞা ভাই।অভিযোগ রয়েছে, ওই গ্রুপের সদস্যরা বিভিন্ন এলাকায় ভাড়ায় খুন করত। ২০০৩ সালে শিবপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন ও বাঘাব ইউনিয়নের চাঁদপাশা গ্রামের ইউসুফ মিয়া হত্যা মামলার আসামি ওই গ্রুপের সদস্য শরীফ, মাছুম, রনিসহ আরও অনেকে। এ সময় শরীফ ‘কিলার শরীফ’ হিসেবে পরিচিতি পান। এরই মধ্যে তাঁদের বন্ধু শান্ত ভারতে ও ভাল্লুক মাছুম দুবাইতে পাড়ি জমায়। অন্যদের মধ্যে এমরান, রনি ও শরীফের যাবজ্জীবন কারাদণ্ড হয় ওই দুই হত্যা মামলায়। গত তত্ত্বাবধায়ক সরকারের সময় তাঁরা উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান। মুক্তি পাওয়ার কিছু দিনের মধ্যে এমরান ওরফে মিঞা ভাইয়ের গ্রুপের সঙ্গে শিবপুর উপজেলার ভরতের কান্দি এলাকায় পুলিশের বন্দুকযুদ্ধ হয়। এতে মিঞাভাই পুলিশের গুলিতে নিহত হয়। মিঞা ভাই নিহত হওয়ার পর গ্রুপটি ভেঙে যায়। দ্বন্দ্বের সৃষ্টি হয় ইঞ্জিন রনি ও কিলার শরীফের মধ্যে। ২০০৯ সালের শুরুর দিকে টাকা লেনদেন নিয়ে শরীফ গ্রুপের শিহাবের সঙ্গে ইঞ্জিন রনির ঝগড়া বাধে। এরই জের ধরে শিহাব ও শরীফ গ্রুপের সদস্যরা ইঞ্জিন রনিকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে। সে সময় মেয়র লোকমান হোসেনের সঙ্গে রনির ভালো সম্পর্ক ছিল ইঞ্জিন রনির। রনি হত্যা মামলায় কিছুদিন জেল খেটে বের হয়ে শরীফ তাবলিগে যোগ দেন।