শরীয়তপুরে দুই ইউপি প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৬০
শরীয়তপুরে সদর উপজেলায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আজ শনিবার দুজন প্রার্থীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একজন পুলিশ কর্মকর্তাসহ ৬০ জন আহত হয়। সকাল নয়টা থেকে শুরু হয়ে বেলা একটা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে। এতে ২৫টি বাড়ি ভাঙচুর ও লুটপাট হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।পুলিশ জানায়, আসন্ন ইউপি নির্বাচন নিয়ে আজ সকাল নয়টার দিকে ঘুঘুরাকান্দি ও কাশিপুর গ্রামে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ছিতোলিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবদুস সালাম হাওলাদার এবং বিএনপির সহসভাপতি সিরাজুল ইসলাম মোল্লার সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে নড়িয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) তালেবুর রহমানসহ কমপক্ষে ৬০ জন আহত হয়। আহত ২০ জনকে উন্নত চিকিত্সার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের শরীয়তপুর সদর হাসপাতাল ও জেলার বিভিন্ন ক্লিনিকে চিকিত্সা দেওয়া হচ্ছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন রয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আলম জানান, পুলিশ সকাল থেকে ঘটনাস্থলে অবস্থান করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এখন সেখানে পরিস্থিতি থমথমে অবস্থায় আছে, তবে বড় ধরনের সহিংসতার আশঙ্কা নেই। সংঘর্ষের ঘটনায় থানায় এখনো মামলা হয়নি।