শরীয়তপুরে বিএনপির কার্যালয় ভাঙচুর, আহত ২৫
শরীয়তপুরে ছাত্রদলের কর্মসূচিতে যুবলীগ হামলা চালিয়ে জেলা বিএনপির দুটি কার্যালয় ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। উভয় পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। শরীয়তপুর সদর থানা ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, তারেক রহমানের জন্মদিন উপলক্ষে জেলা ছাত্রদলের দুটি গ্রুপ শহরের দুই প্রান্তে আলোচনা সভার আয়োজন করে। তাদের এ কর্মসূচি চলাকালে যুবলীগ বিক্ষোভ মিছিল বের করে। মিছিলকারীরা বেলা ১১টার সময় কোর্ট সড়কে বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে সেখানে ভাঙচুর করে। এ সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এনটিএন বাংলার শরীয়তপুর প্রতিনিধি রোকনুজ্জামান পারভেজ লাঠির আঘাতে আহত হন। এরপর যুবলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে শরীয়তপুর বাস টার্মিনালসংলগ্ন বিএনপির আরেকটি কার্যালয়ে হামলা চালায়। তখন বিএনপি ও যুবলীগের কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় ইট ও লাঠির আঘাতে ২৫ জন নেতা-কর্মী আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ ঘটনাস্থলে নীরব ভূমিকা পালন করে। সংঘর্ষ চলাকালে প্রায় ঘণ্টা খানেক ঢাকা-শরীয়তপুর মহাসড়কে যানচলাচল বন্ধ ছিল। শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, ‘শান্তিপূর্ণভাবে কার্যালয়ের ভেতরে তারেক রহমানের জন্মদিন পালন করা হচ্ছিল। আওয়ামী লীগের সন্ত্রাসীরা এসে আমাদের কর্মীদের মারধর করেছে। কার্যালয়টি ভাঙচুর করেছে। গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দেওয়ার মধ্য দিয়ে সরকারের দেউলিয়াত্ব প্রমাণিত হয়েছে।’ শরীয়তপুর জেলা যুবলীগের সভাপতি এম এম জাহাঙ্গীর বলেন, ‘দেশব্যাপী জামায়াত-বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে যুবলীগ শহরে বিক্ষোভ মিছিল বের করেছে। অভ্যন্তরীণ কোন্দল থাকায় বিএনপির দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েছে। তারাই বিএনপির কার্যালয় ভাঙচুর চালিয়েছে। এখানে যুবলীগের কোনো ভূমিকা ছিল না।’ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি।