জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেডের ক্রয় বিভাগের ব্যবস্থাপক মুক্তিযোদ্ধা আনোয়ারা আবেদীন চৌধুরীর (৫৮) খুনের ঘটনায় কোনো মামলা হয়নি। তবে খুনি শনাক্ত করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি বিশেষ দল সিলেটে পৌঁছেছে। সিআইডির দলটি খুনির হাত-পায়ের ছাপসহ বিভিন্ন আলামত সংগ্রহ করবে বলে পুলিশ সূত্র জানিয়েছে।নগরের লামাবাজার পুলের পারে নিজ বাসায় বাইরে থেকে তালাবদ্ধ কক্ষ থেকে গলিত অবস্থায় গত বৃহস্পতিবার রাতে আনোয়ারা আবেদীন চৌধুরীর লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর মাথায় চারটি, কাঁধে দুটি ও ঊরুতে একটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে পুলিশের সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া আনোয়ারা আবেদীনের মুখগহ্বর থেকে দেড় ফুট লম্বা একটি কাপড়ের টুকরো বের করা হয়। মুখে কাপড় গোঁজার সময় তাঁর একটি দাঁত ভেঙে যায় বলে জানা গেছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নওরোজ আহমদ প্রথম আলোকে জানান, বৃহস্পতিবার রাতে পুলিশ শুধু লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।মহানগর পুলিশের সহকারী কমিশনার (এসি) রওশনুজ্জামান জানান, মামলার তদন্তে থানার পুলিশকে কারিগরি সহায়তা দেওয়ার জন্য সিআইডির ওই বিশেষজ্ঞ দলটি এসেছে। এদিকে আনোয়ারা হত্যার ৩৬ ঘণ্টা পেরিয়ে গেলেও নিহতের আত্মীয়রা মামলা করেননি।গতকাল দুপুরে মরদেহের ময়নাতদন্ত শেষে লাশটি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে (মরচুয়ারি) রাখা হয়েছে। যুক্তরাজ্যে বসবাসরত নিহতের স্বামী সামসুল আবেদীন চৌধুরী, বড় ছেলে তৌহিদুল আবেদীন চৌধুরী ও একমাত্র মেয়ে তাহমিদা আবেদীন চৌধুরী ও ছোট ছেলে তৌফিকুল আবেদীন চৌধুরী যুক্তরাষ্ট্র থেকে আজ সিলেটে আসার কথা। তাঁরা দেশে ফেরার পর আনোয়ারাকে হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের গোরস্থানে দাফন করা হবে বলে তাঁর ছোট ভাই যুক্তরাজ্যপ্রবাসী ফখরুল ইসলাম জানান।থানায় কোনো মামলা না করা প্রসঙ্গে ফখরুল ইসলাম জানান, তাঁর স্বামী ও ছেলেমেয়ে দেশে আসার পর পরামর্শ করে মামলা করা হবে। গত ১০ জুন রায়নগরে জালালাবাদ গ্যাসের কর্মচারী কোয়ার্টার থেকে মোটরসাইকেলযোগে অফিসে যাওয়ার পথে অজ্ঞাত দুর্বৃত্তরা জালালাবাদ গ্যাসের সিবিএর সভাপতি আবু তাহেরকে জবাই করে হত্যা করে। এর ছয় মাসের মাথায় জালালাবাদ গ্যাসের ব্যবস্থাপক আনোয়ারা আবেদীনের খুনের ঘটনায় গ্যাস ভবনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।