শরীরে কেরোসিন ঢুকিয়ে চিকিৎসকের আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের শরীরে কেরোসিন ঢোকানোর আটদিন পর আজ সোমবার মারা গেলেন শিক্ষানবিস চিকিত্সক নাঈমা সুলতানা (২৬)। পুলিশ ও চিকিত্সকদের ধারণা, আত্মহত্যার উদ্দেশে তিনি ইনজেকশনের মাধ্যমে নিজের শরীরের শিরায় কেরোসিন প্রবেশ করান। তবে নিহতের স্বজনেরা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে অবসাদগ্রস্ত ছিলেন নাঈমা। শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক মফিজুল ইসলাম জানান, রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের ছাত্রীনিবাসে থাকতেন শিক্ষানবিস (ইন্টার্ন) চিকিত্সক নাঈমা। গত ১২ মে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তিনি নিজের কক্ষে সবার অগোচরে ইনজেকশনের সিরিঞ্জে কেরোসিন ভরে শরীরে ঢোকান (পুশ করেন)। পরে অসুস্থ হয়ে পড়লে ওই হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়।অবস্থা গুরুতর হলে গত ১৪ মে নাঈমাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে আজ ভোর চারটার দিকে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। পরে তাঁর মা নিগার সুলতানা ও ফুপাতো ভাই এরশাদ ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে লাশ নিয়ে যান। নাঈমার বাড়ি গাজীপুরের কালিয়াকৈর থানার রাজাবাড়ী এলাকায়।বিএসএমএমইউ’র চিকিত্সকেরা পুলিশকে জানিয়েছেন, এভাবে শরীরে কেরোসিন ঢুকিয়ে আত্মহত্যার ঘটনা বিরল। পারিবারিক সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে অবসাদগ্রস্ত ছিলেন নাঈমা। এর আগেও একবার তিনি আত্মহত্যার চেষ্টা করেন।