শরীরের যন্ত্রণার সঙ্গে ভবিষ্যতের দুশ্চিন্তা
হাসপাতালে যন্ত্রণায় ছটফট করছে প্রায় সবাই। পোড়া শরীরের যন্ত্রণার পাশাপাশি এখন বড় হয়ে দেখা দিচ্ছে ভবিষ্যতের অনিশ্চয়তা। নিমতলীর ভয়াবহ আগুনে তাদের শুধু শরীরই পোড়েনি, পুড়েছে জীবন-জীবিকাও। কবে সুস্থ হয়ে উঠবেন, কবে স্বাভাবিক জীবন ফিরে পাবেন—এসব নিয়ে দুশ্চিন্তায় অস্থির দেখা গেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন একাধিক ব্যক্তিকে।গতকাল রোববার বিকেল পাঁচটায় পাঁচ বছরের শিশু সায়েম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ নিয়ে নিমতলীর অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১১৮। সিএমএইচ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ৩৮ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে বার্ন ইউনিটে ২৫ জন ও সিএমএইচে আছে ১৩ জন। সংকটাপন্ন ১০ জনের অবস্থার কোনো উন্নতি হয়নি বলে চিকিৎসকেরা জানিয়েছেন। বার্ন ইউনিটে কাতরাচ্ছেন ভাঙারি ব্যবসায়ী নজরুল ইসলাম (২৪), পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর পিঠ ও পা পুড়ে গেছে। জানালেন, নেত্রকোনার কেন্দুয়ার পুবাইলে তাঁর স্ত্রী এবং মা-বাবা থাকেন। জমিজমা নেই, তাঁর আয়েই সংসার চলত। তিনি কবে সুস্থ হয়ে উঠবেন, সুস্থ হয়ে ওঠার পর কাজ করতে পারবেন কি না, এই চিন্তায় তিনি মুষড়ে পড়েছেন। কথার ফাঁকে কেঁদে ফেলেন। বললেন, ‘থাহনের চেয়ে মরণই ভালো ছিল।’ স্কুলব্যাগ তৈরি কারখানার শ্রমিক জসিম পোস্ট অপারেটিভ ওয়ার্ডে যন্ত্রণায় অস্থির। দুই হাত ও পিঠ পুড়ে গেছে। পাশে থাকা উদ্বিগ্ন মা আয়েশা বেগম জানান, জসিমের বাবা অনেক আগেই মারা গেছেন। তাঁর আয়ের টাকা দিয়েই চলে ব্রাহ্মণবাড়িয়ার সাতজনের পরিবার। এখন তাদের সামনে শুধুই অন্ধকার। আগুনে ঝলসে গেছে দিনমজুর কুদ্দুস মিয়ার গলা ও পিঠ। বললেন, ‘আমি দিন আনি, দিন খাই। শ্বশুরবাড়ির লোকসহ সাতজনকে টানতে হয়। কবে সুস্থ হয়ে উঠব জানি না। আর সুস্থ হয়ে উঠলেও চোখের সামনে পরিবারের কষ্ট দেখতে হবে। এর চেয়ে মইর্যা যাওয়াই ভালো।’এই কষ্ট শুধু নজরুল, জসিম বা কুদ্দুসের নয়। বার্ন ইউনিটে চিকিৎসাধীন খেটে খাওয়া মানুষগুলোর পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। হাসপাতালে চিকিৎসাসেবার পাশাপাশি ওষুধপত্রও তারা পাচ্ছে। কিন্তু হাসপাতাল ছাড়ার পর কী খাবে তা জানে না। অনিশ্চয়তাই এখন যন্ত্রণা হয়ে দেখা দিয়েছে। বার্ন ইউনিটের অধ্যাপক মো. শহিদুল বারী প্রথম আলোকে জানান, শরীর কম দগ্ধ হয়েছে এমন রোগীরা বেঁচে গেলেও স্বাভাবিক জীবনে ফিরে আসতে কমপক্ষে দুই মাস লাগবে। হাসপাতালে তাদের কমপক্ষে ১৫ দিন চিকিৎসা নিতে হবে। ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিনকে ব্যবস্থাপনা তদারকির দায়িত্ব দিয়েছে জেলা প্রশাসন। গতকাল বেলা সাড়ে ১১টায় বার্ন ইউনিটের প্রধান ফটকে তিনি বলেন, চিকিৎসায় যেন অনিয়ম না হয় অথবা ভিড় বা অন্য কারণে রোগীদের অসুবিধা না হয়, তা দেখার দায়িত্ব তাঁর। গতকাল তিন পালায় ১০ জন করে রোভার স্কাউট রোগীর সেবায় কাজ শুরু করেছেন। বেশ কিছু ব্যক্তি, বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠন চিকিৎসায় সহায়তা করার জন্য ওষুধ দিয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। লকেট দেখে শনাক্ত: ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে হাবিবা বেগম (৪৪) নামে এক নারীর লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল সন্ধ্যায় তাঁর ফুফাতো ভাই ফিরোজ রেজা আগুনে পুড়ে বিকৃত হওয়া এই নারীর লাশ তাঁর গলায় থাকা লকেট দেখে শনাক্ত করেন। ওই মর্গে বিকৃত হওয়া আরেকটি লাশ এখনো শনাক্ত হয়নি। হাবিবা নিমতলীতে জামিলের বিয়ের পানচিনি অনুষ্ঠানে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মারা যান। ৮/১০ হোসেনি দালানের বাসিন্দা নিঃসন্তান হাবিবা জামিলের খালা। আগুনে পুড়ে যাওয়া ছয়টি লাশ এখনো স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পড়ে আছে। তাদের শনাক্ত করা সম্ভব হয়নি।