শরীয়তপুর-৩ আসনে ভোট গ্রহণ ১৫ মার্চ
শরীয়তপুর-৩ আসনে উপনির্বাচনে তফসিল কাল বৃহস্পতিবার ঘোষণা করা হবে। আর এই উপনির্বাচনে ভোট গ্রহণ হবে ১৫ মার্চ।নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন আজ বুধবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান।আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাকের মৃত্যুতে ওই পদটি শূন্য ঘোষণা করা হয়। গত বছরের ২৩ ডিসেম্বর লন্ডনের কিংস কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।কমিশন সচিবালয় সূত্র জানায়, খসড়া তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৬ ফেব্রুয়ারি, বাছাই ১৯ ফেব্রুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৬ ফেব্রুয়ারি।এম সাখাওয়াত বলেন, শরীয়তপুর-৩ আসনে উপনির্বাচনের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ১৫ মার্চ ভোট গ্রহণের দিন রাখা হয়েছে। এতদিন যেসব সম্ভাব্য প্রার্থী প্রচার-প্রচারণা চালিয়েছেন, তাঁদের আজ থেকেই তা বন্ধ করতে হবে। প্রার্থীর তালিকা চূড়ান্ত হওয়ার পর তাঁরা প্রচার-প্রচারণা চালাতে পারবেন। এর ব্যত্যয় হলে নির্বাচনী আচরণবিধি ভঙের দায়ে সম্ভাব্য প্রার্থীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।