শরীয়তপুরে বিদ্যালয়গুলোতে এসএসসি পরীক্ষার ফরম পূরণে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নির্ধারিত ফির তিনগুণ বেশি অর্থ নেওয়া হচ্ছে। শরীয়তপুর মাধ্যমিক শিক্ষক সমিতি সভা করে অতিরিক্ত টাকা আদায়ের নির্দেশ দিয়েছে।শরীয়তপুর জেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় জেলার ১১১টি বিদ্যালয়ের প্রায় আট হাজার শিক্ষার্থী অংশ নেবে। বিদ্যালয়গুলোতে চলছে ফরম পূরণের কার্যক্রম। এ বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বিভাগভেদে ফরম পূরণের জন্য ৯০০ থেকে এক হাজার ২০০ টাকা ফি নির্ধারণ করেছে। এ সংক্রান্ত পত্র প্রতিটি বিদ্যালয়ে পাঠানো হয়েছে। কিন্তু বিদ্যালয়গুলো তিন হাজার থেকে তিন হাজার ৫০০ টাকা আদায় করছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক সূত্রে জানা গেছে, বোর্ডের নির্ধারিত ফির বাইরে শিক্ষার্থীদের কাছ থেকে কোচিং ফি, ২০১১ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসের বেতন, শিক্ষকদের যাতায়াত খরচ বাবদ কিছু টাকা রাখা হয়। শরীয়তপুর জেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সভা করে প্রতিটি বিদ্যালয়কে এই অতিরিক্ত টাকা আদায়ের নির্দেশ দিয়েছে।চিকন্দী শরফ আলী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজা আক্তার ও শফিকুল ইসলাম জানায়, তাদের কাছ থেকে ফরম পূরণ করতে তিন হাজার টাকা করে নেওয়া হয়েছে। টাকা বেশি নেওয়ার কারণ জানতে চাইলে শিক্ষকেরা নানা অজুহাত দেখান।সখিপুর ইসলামিয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী সাহাদাত ও সুরাইয়া পারভীন জানায়, তারা বিদ্যালয়ের নির্বাচনী পরীক্ষার সময় সব বেতন পরিশোধ করে দিয়েছে। তার পরও ফরম পূরণ করার সময় ছয় মাসের বেতন ও কোচিং ফি নেওয়া হচ্ছে।চিকন্দী শরফ আলী উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমজাদ হোসেন খান বলেন, ‘কোচিং ফি ও ছয় মাসের বেতনসহ এ বিদ্যালয়ে ফরম পূরণে তিন হাজার টাকা করে নেওয়া হয়েছে। বোর্ডের নির্ধারিত ফির বাইরেও আমাদের অনেক ব্যয়ের খাত রয়েছে। শিক্ষার্থীদের কাছ থেকে না নেওয়া হলে আমরা তা কোথায় পাব।’মাধ্যমিক শিক্ষক সমিতির শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ বলেন, ‘একটি বিদ্যালয়ে নানা ধরনের খরচ। শিক্ষার্থীদের ছাড়া বিদ্যালয়ের কোনো আয়ের উৎস নেই। তাই তো বছরের একটি সময় শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা রাখা হয়। এ টাকা থেকেই যারা সরকারি বেতনভাতা না পায়, তাদের দেওয়া হয়। শিক্ষক সমিতির সঙ্গে যেহেতু সব বিদ্যালয়ের সম্পর্ক, তাই শিক্ষক সমিতি সভা করে বিদ্যালয়গুলোকে নির্দেশ দিয়েছে কিছু অতিরিক্ত টাকা আদায়ের।’শরীয়তপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকসেদুল ইসলাম বলেন, ‘এসএসসি পরীক্ষার ফরম পূরণের ফি বোর্ড নির্ধারণ করে দিয়েছে। এ সংক্রান্ত চিঠি প্রতিটি বিদ্যালয়ে দেওয়া হয়েছে। এর পরও যদি কেউ অতিরিক্ত টাকা আদায় করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’