শরীয়তপুরে অষ্টম শ্রেণীর মূল্যায়ন পরীক্ষার ফল বিপর্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুর জেলার অষ্টম শ্রেণীর মূল্যায়ন পরীক্ষার ফল সন্তোষজনক না হওয়ায় অভিভাবকেরা হতাশ হয়েছে। পরীক্ষায় অংশ নেওয়া ৬০ শতাংশ শিক্ষার্থী উর্ত্তীণ হতে পারেনি।জেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, ৩১ অক্টোবর জেলার সব বিদ্যালয়ে অভিন্ন প্রশ্নপত্রে এক যোগে অষ্টম শ্রেণীর মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে জেলার ১১০টি বিদ্যালয় ও ৫৫টি মাদ্রাসার ১২ হাজার ১৪৯ জন শিক্ষার্থী অংশ নেয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা শূন্য থেকে ৩০ নম্বর পেয়েছে ৬০ শতাংশ, ৩০ থেকে ৬০ নম্বরের ঊর্ধ্বে পেয়েছে ৪০ শতাংশ। মাদ্রাসায় শূন্য থেকে ৩০ নম্বর পেয়েছে ৮৩ শতাংশ, ৩০ থেকে ৬০ নম্বরের ঊর্ধ্বে পেয়েছে ১৭ শতাংশ। এ পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করেন অষ্টম শ্রেণীর জেলা মূল্যায়ন পরীক্ষা কমিটি। কমিটির সভাপতি ছিলেন জেলা প্রশাসক ও সদস্যসচিব জেলা মাধ্যমিক কর্মকর্তা। এক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষা অন্য বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। পরীক্ষার খাতা এক উপজেলারটা অন্য উপজেলায় দেখা হয়। আংগারিয়া উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মন্মথ দাস বলেন, ‘অন্যান্য বছরের তুলনায় এ বছর অষ্টম শ্রেণীর মূল্যায়ন পরীক্ষার মান খুবই খারাপ হয়েছে। অষ্টম শ্রেণীর পাঠ্যবই থেকে মূল্যায়ন পরীক্ষার প্রশ্ন করা হয়। শিক্ষার্থীরা ফল খারাপ করায় আমরা দুশ্চিন্তার মধ্যে আছি। এ নিয়ে অভিভাবকেরা চিন্তিত হয়ে পড়েছেন।’কাজিয়াচর ছমির উদ্দিন উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী রুবেল, শামীম ও সামছুন্নাহার জানায়, তারা বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় উর্ত্তীণ হয়েছে। কিন্তু মূল্যায়ন পরীক্ষায় ফল ভালো করতে পারেনি। বড়কালীনগর ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী মো. হুমায়ুন বলে, ‘মাদ্রাসায় বার্ষিক পরীক্ষায় ভালো করেছি। মূল্যায়ন পরীক্ষায় ফল ভালো না হওয়ায় মন খারাপ। মাদ্রাসায় নিয়মিত পাঠদান না হওয়ায় মূল্যায়ন পরীক্ষায় সব প্রশ্নের উত্তর দিতে পারিনি।’গোসাইরহাট উপজেলার কাশিখণ্ড গ্রামের দিদারুল আলম বলেন, ‘আমার ছেলে বিদ্যালয়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কিন্তু মূল্যায়ন পরীক্ষায় খারাপ করেছে। সম্পূর্ণ পাঠ্যবই পড়ালে ফল এত খারাপ হতে পারে না।’ ভোজেশ্বর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাশুক আলী দেওয়ান বলেন, ‘মূল্যায়ন পরীক্ষায় এ বছরের ফল নিয়ে আমরাও হতাশ। বিদ্যালয়ে নিয়মিত পাঠদান করানো হতো। পাঠ্যবই সম্পূর্ণ পড়ানো হয়। মূল্যায়ন পরীক্ষাটা বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার পর করলে ফল আরো ভালো হবে।’জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘অষ্টম শ্রেণীর মূল্যয়ন পরীক্ষার ফলাফল খারাপ হওয়ায় শিক্ষক ও অভিভাবকেরা হতাশ হয়ে পড়েছে। ভবিষ্যতের পরীক্ষাগুলোর ফল যাতে ভালো হয় আমরা সে উদ্যোগ নেব। বিদ্যালয়ে নিয়মিত পাঠদান করা হয় কি না, পাঠ্যবই সম্পূর্ণ পড়ানো হয় কি না—এ বিষয়গুলোর ওপর নজর দেওয়া হবে।’