শরীয়তপুরে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা
শরীয়তপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান সরদারকে (৪২) কুপিয়ে ও হাত-পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে প্রতিপক্ষের হামলায় তিনি গুরুতর আহত হন। রাত সাড়ে নয়টায় সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।মান্নান সরদারের পরিবারের দাবি, জমিজমাসংক্রান্ত বিরোধ ও চাঁদার দাবিতে প্রতিপক্ষের লোকজন আবদুল মান্নান সরদারকে হত্যা করেছে। তিনি ঠিকাদার ছিলেন ও নির্মাণসামগ্রীর ব্যবসা করতেন।শরীয়তপুর সদর থানার পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, তিন একর জমি নিয়ে সদর উপজেলার কুরাশি গ্রামের বাসিন্দা আবদুল মান্নানের আত্মীয় ফজলুল হক মুন্সীর সঙ্গে শরীয়তপুর বাস-মিনিবাস শ্রমিক সমিতির সভাপতি ফারুক চৌকিদার ও পৌরসভা শ্রমিক লীগের সহ-সভাপতি বাচ্চু বেপারীর বিরোধ ছিল। এ ঘটনায় ফজলুল হককে সমর্থন দেন মান্নান সরদার। এ ছাড়া কুরাশি গ্রামের একটি সড়ক উন্নয়নের ঠিকাদারির কাজ পান মান্নান সরদার। এ নিয়েও বিরোধ দেখা দেয়।গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রতিপক্ষের লোকজন মান্নান সরদারের সমর্থকদের ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়ি ভাঙচুর করে। রাত আটটার দিকে মান্নানের বাড়িতে হামলা চালায় তারা। খবর পেয়ে বাইরে থাকা মান্নান বাড়িতে ছুটে যান। দুর্বৃত্তরা তাঁকে ধাওয়া করলে তিনি বসতঘরের ভেতরে আশ্রয় নেন। একপর্যায়ে দুর্বৃত্তরা ঘরের বেড়া ভেঙে তাঁকে বাড়ির পাশে জমিতে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপায়। এ সময় তাঁর হাত-পায়ের রগ কেটে দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে। রাত সাড়ে নয়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আজ শুক্রবার সকালে মান্নানের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।মান্নান সরদারের স্ত্রী ফরিদা আক্তারের ভাষ্য, ‘আমার স্বামীর কাছ থেকে ফারুক চৌকিদার ও বাচ্চু বেপারী চাঁদা চেয়েছিল। ও প্রায়ই বলত, “ওরা টাকার জন্য আমাকে চাপ দেয়। ওরা আমাকে বাঁচতে দেবে না। আমি পরিশ্রম করে টাকা উপার্জন করি। কাউকে চাঁদা দেব না”। সন্ত্রাসীরা আমার স্বামীকে বাঁচতে দিল না। আমি ওদের বিচার চাই।’ মান্নান সরদারের ছেলে আরমান (১৫) বলে, ‘সন্ত্রাসীরা ঘরের বেড়া ভেঙে আমার বাবাকে বের করে নিয়ে যায়। বাবাকে বাঁচাতে আমি এগিয়ে যাই। ওরা আমাকে ধরে রাখে। চোখের সামনে বাবার নির্মম মৃত্যু দেখতে হলো।’মান্নানের বড় ভাই আবদুর রব সরদার অভিযোগ করে বলেন, ‘সন্ত্রাসীরা প্রথম দফায় যখন ভাঙচুর চালায়, বিষয়টি তখন পুলিশকে জানানো হয়। এরপর আমাদের বাড়িতে হামলা চালালে পুনরায় পুলিশকে মুঠোফোনে জানানো হয়। কিন্তু পুলিশ ঘটনাস্থলে না এসে কীর্তিনাশা নদীর পশ্চিম পারে অবস্থান নেয়। আমাদের উদ্ধার করতে অনেকে এগিয়ে আসতে চাইলে তাদের বাধা দেয়। পুলিশ ওই সময় এলে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটত না। এখন পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ আসেনি।’ঘটনার পর থেকে ফারুক চৌকিদার ও বাচ্চু বেপারীকে এলাকায় পাওয়া যাচ্ছে না। মুঠোফোনে যোগাযোগ করতে গেলেও তাঁদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এদিকে তাঁদের স্বজনেরা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।শরীয়তপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম বলেন, পরিবারের কাছে আজ সকালে লাশ হস্তান্তর করা হয়েছে। পূর্বপরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ ধারণা করছে। শরীয়তপুরের পুলিশ সুপার এ কে এম শহিদুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।