শরীয়তপুরে আ.লীগ নেতার নির্দেশে বাস চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ডাকে সারা দেশে টানা তিন দিন হরতালের পর আজ বুধবার শরীয়তপুরের সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আবদুর রব মুন্সীর নির্দেশে বাস চলাচল বন্ধ রয়েছে বলে বাসমালিক ও শ্রমিকদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এদিকে পরপর চার দিন বাস চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা। স্থানীয় সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সকালে শরীয়তপুর বাস মালিক সমিতির কার্যালয়ে শ্রমিকনেতা, বাসমালিক ও আওয়ামী লীগ নেতাদের নিয়ে সভা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাস মালিক সমিতির সভাপতি আব্দুর রব মুন্সী। সভায় হরতালের মধ্যে বাস চালাতে মালিক ও শ্রমিকদের অনুরোধ জানান তিনি। কিন্তু হরতালে বাস ভাঙচুর ও ক্ষতি সাধনের আশঙ্কায় বাস চালাতে অপারগতা প্রকাশ করেন মালিক ও শ্রমিকেরা। এতে ক্ষুব্ধ হয়ে তিনি আগামী এক মাস শরীয়তপুরে কোনো বাস চলাচল না করার নির্দেশ দেন। তিনি আরও বলেন, হরতালের পর বাস চলাচল করলে তখন যদি কোনো ভাঙচুরের ঘটনা ঘটে তাহলে এর দায় বাসমালিক ও শ্রমিকদেরই নিতে হবে।আবদুর রব মুন্সীর এ নির্দেশনার পরিপ্রেক্ষিতেই আজ সকাল থেকে শরীয়তপুরের সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাসমালিক ও শ্রমিকেরা। বাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন তালুকদার প্রথম আলো ডট কমকে বলেন, ‘আমরা বাস চালানোর পক্ষে। বাস চলাচল শুরু করার জন্য উভয় পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা চলছে।’