শরীয়তপুরে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, আটজন গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের জাজিরা উপজেলার উত্তর খোসাল শিকদারকান্দি গ্রামে গতকাল শনিবার সকালে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আটজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া ককটেল বিস্ফোরণ ও টেঁটার আঘাতে আরও অন্তত ২২ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শরীয়তপুর সদর হাসপাতাল ও ঢাকায় চিকিৎসা দেওয়া হচ্ছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, শরীয়তপুর-১ আসনের সাংসদ বি এম মোজাম্মেল হক ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোবারক আলী শিকদারের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।পুলিশ ও স্থানীয় সূত্রের বিবরণ অনুযায়ী, মোবারক ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। তখন তাঁকে জেলা আওয়ামী লীগের সহসভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়। সম্প্রতি আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় ওই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। গত শুক্রবার তিনি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সমাবেশ করেন। সমাবেশে উত্তর খোসাল শিকদারকান্দি গ্রামের তাঁর সমর্থকেরা যোগ দেন। এতে স্থানীয় সাংসদের সমর্থকেরা ক্ষুব্ধ হন। এর জেরে গতকাল সকাল নয়টার দিকে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়। এক ঘণ্টাব্যাপী সংঘর্ষে শটগান থেকে ছররা গুলি ছোড়া হয় এবং শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন মো. রফিক (৩৫), তাজুল ফকির (২২), আল আমিন (২০), রুবেল শেখ (২৫), জসিম ছৈয়াল (২২), ছায়েদ ছৈয়াল (২৫), মোহাম্মদ আলী (৩০) ও ছোহরাব মোল্যা (৪০)। তাঁরা মোবারকের সমর্থক। আহত অন্য ব্যক্তিদের মধ্যে মোজাম্মেল হকের সমর্থক রহমান ফকির (৪৫), শাহ আলম জমাদ্দার (৩৫) ও হবি ফকিরকে (৩৫) ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।গুলিবিদ্ধ রফিক প্রথম আলোকে বলেন, ‘সমাবেশে যোগ দেওয়ার অপরাধে সাংসদের সমর্থকেরা আমাদের ওপর হামলা চালায়। আমরা এর প্রতিবাদ করলে হবি ফকির ও নুরুজ্জামান ফকির আমাদের ওপর গুলি চালায়।’এই অভিযোগ অস্বীকার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন নুরুজ্জামান (৩৫) বলেন, ‘মোবারকের সমর্থকেরা অন্যায়ভাবে আমাদের ওপর হামলা চালিয়েছে। আমরা কারও ওপর গুলি ছুড়িনি।’জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোবারক বলেন, ‘আমি কারও সঙ্গে বিরোধে জড়াতে রাজনীতি করি না। সমাবেশে যোগ দেওয়ার অপরাধে আমার সমর্থকদের ওপর অন্যায়ভাবে হামলা করা হয়েছে।’শরীয়তপুর-১ আসনের সাংসদ মোজাম্মেল হকের মুঠোফোনে চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। কয়েকবার ফোন করার পর সাংসদের ব্যক্তিগত সহকারী আবদুল মালেক বলেন, সাংসদ সাংগঠনিক কাজে কুষ্টিয়ায় ব্যস্ত আছেন। ওই সংঘর্ষের বিষয়ে তাঁর কোনো বক্তব্য নেই।জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন সন্ধ্যায় বলেন, সংঘর্ষের পর উত্তর খোসাল শিকদারকান্দি গ্রামে অভিযান চালিয়ে ৭৪টি টেঁটা, বল্লম ও ঢাল উদ্ধার করা হয়েছে।