শরীয়তপুরে উপজেলা যুবলীগ সভাপতির কবজি কর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুর জেলা শহরে গতকাল বুধবার দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষের সময় সদর উপজেলা যুবলীগের সভাপতি শেখ বিল্লাল হোসেনের ডান হাতের কবজি কেটে গেছে। সংঘর্ষে একজন পথচারীসহ আরও চারজন আহত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ৬ এপ্রিল ছাত্রলীগের একটি পক্ষ জেলা ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেন হাওলাদারকে কুপিয়ে আহত করে। এর জের ধরে সুজন দোয়াল গ্রামে গতকাল সকাল ১০টার দিকে সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি বাচ্চু বেপারীর ভাই চুন্নু বেপারীকে আক্রমণ করে আলমগীর হাওলাদারের সমর্থকেরা। এ ঘটনার প্রতিবাদে বেলা ১১টায় পৌরসভা ছাত্রলীগের সভাপতি প্রকাশ বন্দুকছি ও সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি বাচ্চু বেপারীর নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি সদর হাসপাতালের সামনে গেলে জেলা ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেনের সমর্থকদের সঙ্গে সংঘর্ষ সৃষ্টি হয়। এ সময় শাওন নাগাছি, মনজিলা বেগম, একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি মাহাবুব আলম আহত হন। বেলা ১১টা থেকে একটা পর্যন্ত দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া চলে। এ সময় আতঙ্কে জেলা শহরের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। জেলা শহরের সঙ্গে সব রুটের যানবাহন চলাচল তিন ঘণ্টা বন্ধ থাকে। সহিংসতা এড়াতে শহরে গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনার জের ধরে বিকেল তিনটার দিকে ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগের একটি পক্ষ পৌর এলাকার শান্তিনগরে সদর উপজেলা যুবলীগের সভাপতি শেখ বিল্লাল হোসেনের ওপর হামলা করে। এতে তাঁর ডানের হাতের কবজি কেটে যায়। গুরুতর অবস্থায় তাঁকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহত শেখ বিল্লাল হোসেন অভিযোগ করেন, তাঁর ওপর হামলায় নেতৃত্ব দিয়েছেন সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি বাচ্চু বেপারী ও পৌরসভা ছাত্রলীগের সভাপতি প্রকাশ বন্দুকছি। তবে শরীয়তপুর সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি বাচ্চু বেপারী জানিয়েছেন, তাঁর ভাই চুন্নু বেপারী সুজন দোয়াল গ্রামে এনজিওর টাকা বণ্টন করতে গেলে আলমগীর হাওলাদার ও সুমন মাঝির লোকজন চুন্নুকে কুপিয়ে আহত করে। জেলা ছাত্রলীগের সভাপতি আলমগীর হাওলাদার বলেন, বুধবার সকালে বাচ্চু বেপারীর লোকজন সুজন দোয়ালে গ্রাম্য মারামারিতে অংশ নিতে গেলে তাঁকে স্থানীয় লোকজন কুপিয়ে আহত করে।শরীয়তপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম গতকাল বিকেলে জানান, শহরের পরিস্থিতি এখন শান্ত রয়েছে। সংঘর্ষে দুই পক্ষের লোকজন আহত হয়েছে। কোনো পক্ষই এখনো থানায় মামলা করেনি।