শরীয়তপুরে ডামুড্যা উপজেলার ধনই গ্রামের রবিন সরদার ইভ টিজিংয়ের দায়ে শাস্তি পেয়েছেন। ইভ টিজিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত রবিনকে ছয় মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছেন। শরীয়তপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম উত্পল ভট্টাচার্য আজ বৃহস্পতিবার বেলা ১১টায় এ রায় দেন। মামলা সূত্রে জানা গেছে, বখাটে রবিন সরদার ডামুড্যা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে স্কুলে যাতায়াতের পথে উত্ত্যক্ত করত। এ ঘটনা নিয়ে এলাকায় সালিস-দরবার হলেও রবিন তার বখাটেপনা থেকে নিবৃত হয়নি। গত ২৩ জুন ডামুড্যা থানার পুলিশ উত্ত্যক্ত করার সময় রবিনকে হাতেনাতে আটক করে। ২৪ জুন ডামুড্যা থানার সহকারী উপপরিদর্শক ইলিয়াস হোসেন বাদী হয়ে ইভ টিজিংয়ের অভিযোগ এনে মামলা দায়ের করেন। ৩ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ২৬ আগস্ট মামলাটি বিচারের জন্য আদালতে উপস্থাপন করা হয়। ৫ অক্টোবর আদালত অভিযোগ গঠন করে। ২০ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত আদালত সাক্ষ্য গ্রহণ করে। অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ আদালত রবিনকে এ শাস্তি দেন।