শরীয়তপুরে খালে ড্রেজার লাগিয়ে বালু উত্তোলন, ফসলি জমি বিলীন
খালে ড্রেজার লাগিয়ে বালু উত্তোলনের ফলে ফসলি জমি বিলীন হয়ে যাচ্ছে। খালের পাড়ের জমির মালিকেরা প্রতিবাদ করেও বালু উত্তোলন বন্ধ করতে পারছে না। স্থানীয় সূত্র জানায়, ভেদরগঞ্জ উপজেলার কার্তিকপুর-তারাবুনিয়া খাল থেকে তালিকাকান্দি গ্রামের খোরশেদ আলম ড্রেজার লাগিয়ে আশপাশের নিচু জমিতে বালু ভরাট করায় খালসংলগ্ন ফসলি জমিতে ভাঙনের সৃষ্টি হয়েছে। ড্রেজার দিয়ে উত্তোলন করা বালু প্রতি ঘনফুট দুই-তিন টাকা হারে বিক্রি করা হয়।তালিকাকান্দি গ্রামের ইসমাইল ঢালী (৪৫) বলেন, ‘খাল থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে আমাদের জমি খালে বিলীন হয়ে যাচ্ছে। ড্রেজার খালে না চালানোর জন্য অনুরোধ করেছি। বালু বিক্রেতা ও ক্রেতা প্রভাবশালী হওয়ায় প্রতিবাদ করেও কোনো লাভ হয়নি।’ একই গ্রামের আলি আহম্মদ (৫০) বলেন, ‘ছোট একটি খাল এখানে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় দুই পাড়ের জমিই ভাঙছে। আমরা ক্ষতিগ্রস্ত জমি মালিকেরা তাঁদের অনেক অনুরোধ করেছি কিন্তু বালু উত্তোলন বন্ধ হয়নি।’বালু ক্রেতা কামাল হাওলাদার বলেন, ‘ড্রেজারের মালিকের কাছ থেকে আড়াই টাকা ঘনফুট হারে বালু ক্রয় করেছি। খালে ড্রেজার লাগানোর ফলে সামান্য ফসলি জমির ক্ষতি হচ্ছে। কিন্তু নিচু জমি ভরাট হওয়ায় এ ক্ষতি পুষিয়ে যাচ্ছে।’ড্রেজারের মালিক খোরশেদ আলম বেপারি বলেন, ‘খালে ড্রেজার লাগিয়ে বালু ভরাট করার অনুমতি স্থানীয় প্রশাসন থেকে নেওয়া হয়নি। যে জমিতে বালু ভরাট করি, খালে ওই জমির মালিকের জমির কাছ দিয়েই ড্রেজার লাগাচ্ছি। যার জমি ভরাট হয়, ক্ষতি হলে তারটাই হচ্ছে।’ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুল হক বলেন, ‘প্রশাসনের অনুমতি ছাড়া কেউ ড্রেজার লাগিয়ে বালু উত্তোলন করতে পারবে না। খালের ড্রেজার লাগানোর কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। অভিযোগ আসলে আমরা অভিযান চালিয়ে ড্রেজার বন্ধ করে দেব।’