শরীয়তপুরে গুলিবিদ্ধ হয়ে স্কুলছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সম্ভুকাঠি এলাকায় গত বুধবার সন্ধ্যায় গুলিতে এক স্কুলছাত্র নিহত হয়েছে।স্থানীয় লোকজনের ভাষ্য, পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য মাহাবুব সরদারের সমর্থকদের বিজয় মিছিলে পুলিশ বাধা দেয়। এতে ক্ষুব্ধ জনতা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ এলোপাতাড়ি গুলি ছোড়ে। গুলিতে স্কুলছাত্র সবুর বকাউলের (১৩) মৃত্যু হয়। তবে পুলিশের ভাষ্য, ওই ওয়ার্ডের পরাজিত ইউপি সদস্য প্রার্থী আজিজুল হকের সমর্থকেরা ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। পুলিশের গুলিতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিভিন্ন সূত্রে জানা যায়, ৯ নম্বর ওয়ার্ডের সম্ভুকাঠি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ভোট গণনা শেষে ফল ঘোষণার পর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপজেলা সদরে ফিরছিলেন। ভোটকেন্দ্রের আধাকিলোমিটার দূরে সড়কের মধ্যে ওই ওয়ার্ডের বিজয়ী সদস্য মাহবুবের সমর্থকেরা মিছিল করছিল। কর্মকর্তাদের ফেরার জন্য পুলিশ মিছিলকারীদের রাস্তা ফাঁকা করতে বলে। এতে দেরি হলে মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা শুরু করে। এ সময় মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ নয়টি গুলি ছোড়ে। এতে সম্ভুকাঠি গ্রামের কাদের বকাউলের ছেলে পঞ্চম শ্রেণীর ছাত্র সবুর গুলিবিদ্ধ হয়। ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।নাম প্রকাশ না করার শর্তে এক প্রত্যক্ষদর্শী বলেন, বিজয়ী ইউপি সদস্যের সমর্থকেরা মিছিল করছিল। পুলিশ সেই মিছিলে হামলা চালালে পরিস্থিতি জটিল হয়। মিছিল ছত্রভঙ্গ করে দিতে পুলিশ এলোপাতাড়ি গুলি ছোড়ে। সবুরের মরদেহ ময়নাতদন্ত করেন শরীয়তপুর সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘গুলিতেই সবুরের মৃত্যু হয়েছে। তার শরীর থেকে একটি বুলেট বের করা হয়েছে।’ পুলিশ সূত্র জানায়, জনতার সঙ্গে সংঘর্ষে নড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) এ কে আজাদ, আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্য রেজা হাসমত, মো. মাসুদ রানা, মো. রেজওয়ান, আবুল আওলাদ, রিপন হালদার, হাসমত আলী, রেজাউল হক, আইয়ুব আলী ও জসিম মিয়া আহত হন। রেজা হাসমতের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। সংঘর্ষের ঘটনায় ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা মফিজুর রহমান পরাজিত সদস্য প্রার্থী আজিজুলসহ দুই হাজার গ্রামবাসীর বিরুদ্ধে মামলা করেন।সবুরের বাবা কাদের বকাউল বলেন, ‘আমরা দরিদ্র মানুষ। অনেক কষ্ট করে সন্তানদের পড়ালেখা চালিয়ে যাচ্ছিলাম। আমি ছেলে হত্যার বিচার চাই।’যোগাযোগের চেষ্টা করে বিজয়ী মাহাবুব ও পরাজিত আজিজুলকে পাওয়া যায়নি। ঘটনার পর থেকে তাঁদের মুঠোফোন বন্ধ রয়েছে। ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের ভূঁইয়া বলেন, ‘পরাজিত ইউপি সদস্য প্রার্থীর সমর্থকেরা ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। তখন শত শত মানুষ পুলিশ ও নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর হামলা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নয়টি ফাঁকা গুলি ছোড়া হয়।’ তিনি আরও বলেন, ‘সংঘর্ষে সবুর নামের একজন নিহত হয়। তবে সে কীভাবে নিহত হয়েছে বলতে পারব না। পুলিশের গুলিতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’সবুরের নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার দুপুরে সম্ভুকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিক্ষোভ-সমাবেশ করেছেন গ্রামবাসী। গতকাল স্থানীয় কবরস্থানে সবুরের মরদেহ দাফন করা হয়।