শরীয়তপুরে ছয় শতাধিক হজযাত্রীর যাত্রা অনিশ্চিত!
শরীয়তপুরের সিভিল সার্জন কার্যালয়ে এখনো হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়নি। স্বাস্থ্য সনদ না পেলে কোনো হজযাত্রী ভিসা পাবেন না বলে জানা গেছে। ফলে শরীয়তপুর জেলার ছয় শতাধিক যাত্রীর হজ পালন অনিশ্চিত হয়ে পড়েছে। ম্যানিনজাইটিস টিকার সংকটের কারণে হাজিদের স্বাস্থ্য পরীক্ষা শুরু করা যায়নি বলে সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে।শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয় ও পুলিশের বিশেষ শাখা সূত্রে জানা গেছে, এ বছর জেলার ছয়টি উপজেলা থেকে ৬০২ জন হজ পালনের উদ্দেশে যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেছেন। ৮৪টি ট্রাভেল এজেন্সির মাধ্যমে তাঁরা এসব কার্যক্রম সম্পন্ন করেছেন। ২০ সেপ্টেম্বর দেশের বিভিন্ন স্থানে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করে সনদ বিতরণ শুরু হয়েছে। ৮ অক্টোবর হজ ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে। নভেম্বর মাসের ১৩ তারিখ পর্যন্ত এ ফ্লাইট চলবে। হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার পর সনদ বিতরণ করার অনুরোধ জানিয়ে ট্রাভেল এজেন্সিগুলো থেকে সিভিল সার্জনকে পত্র দেওয়া হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ে প্রতিদিন হজযাত্রীরা ভিড় করলেও স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে না। ম্যানিনজাইটিস টিকার সংকট থাকায় স্বাস্থ্য পরীক্ষা শুরু করা হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরে এ টিকা চেয়ে কয়েকবার চাহিদাপত্র দেওয়া হয়েছে।দিনারা গ্রামের হজযাত্রী আ. কাদের ওঝা বলেন, ‘স্বাস্থ্য পরীক্ষার সনদ জমা না দিলে আমাদের ভিসা দেওয়া হবে না। সিভিল সার্জন কার্যালয় থেকে এ সনদ দেওয়ার কথা। কয়েক দিন এখানে এসে ফিরে গেছি। তারা পরে যোগাযোগ করার কথা বলে আমাদের ফিরিয়ে দিয়েছে।’ মহিষার গ্রামের হজযাত্রী আমির হোসেন সরদার বলেন, ‘স্বাস্থ্য পরীক্ষার সনদ না পাওয়ায় আমরা উৎকণ্ঠার মধ্যে রয়েছি। কয়েক দিনের মধ্যে হজ ফ্লাইট শুরু হবে। এখনই স্বাস্থ্য সনদ না পেলে আমাদের হজ ভিসা পাওয়া অনিশ্চিত হয়ে যাবে।’মোয়াল্লেম ওভারসিজের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রব বলেন, ‘হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করে সনদ দেওয়ার অনুরোধ জানিয়ে সিভিল সার্জনকে কয়েকবার পত্র দিয়েছি। এখনো শরীয়তপুরের যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়নি। এ নিয়ে আমরা হজযাত্রীদের নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছি। দ্রুত তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করে সনদ দেওয়া না হলে ফ্লাইট ধরানো অনিশ্চিত হয়ে পড়বে।’শরীয়তপুরের সিভিল সার্জন গোলাম সরোয়ার বলেন, ‘পরীক্ষা করে হজযাত্রীদের স্বাস্থ্য সনদ দেওয়া শুরু হয়নি। ম্যানিনজাইটিস টিকার সংকট থাকায় বিলম্ব হচ্ছে। আমরা এরই মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরে টিকার চাহিদাপত্র দিয়েছি। টিকা পাওয়া গেলেই পরীক্ষা করে হজযাত্রীদের সনদ দেওয়া হবে।’