শরীয়তপুরে জয়নাল আবদিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদিনের বিরুদ্ধে আজ সোমবার গ্রেপ্তারি পারোয়ানা জারি করা হয়েছে। শরীয়তপুর জেলা ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেন হাওলাদার বাদী হয়ে আজ তাঁর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা করেন। শরীয়তপুর মুখ্য বিচারিক হাকিম (আমলি) আদালতের বিচারক উত্পল চন্দ্র ভট্টাচার্য মামলাটি আমলে নিয়ে জয়নাল আবদিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।মামলার বাদীপক্ষের আইনজীবী মীর শাহাব উদ্দিন উজ্জ্বল জানান, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় বিদেশে বসে অবৈধ ভিওআইপি ব্যবসা করেন—১২ মার্চ বিকেলে গুলশানে নিজ বাসবভনে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন জয়নাল আবদিন। এতে সজীব ওয়াজেদ জয়ের ভাবমূর্তি ক্ষুণ্নসহ ১০০ কোটি টাকার মানহানি হয়েছে বলে উল্লেখ করে আলমগীর হোসেন হাওলাদার মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।