শরীয়তপুরে ট্রলির চাপায় ছাত্র নিহত, প্রতিবাদ, সংর্ঘষে আহত ৭ শিক্ষার্থী
শরীয়তপুরের নড়িয়া উপজেলার চাকধ উচ্চবিদ্যালয়ের ছাত্র রাহিম (৭) ট্রলির চাপায় নিহত হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে স্কুলের পাশে এ দুর্ঘটনা ঘটে। রাহিমের বাড়ি উপজেলার ভূমখাড়া গ্রামে।এর প্রতিবাদে চাকধ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থীরা ঘড়িসার-শরীয়তপুর সড়ক অবরোধ করে। এ সময় পুলিশ শিক্ষার্থীদের হটানোর চেষ্টা করলে উভয়ের সংর্ঘষে সাত শিক্ষার্থী আহত হয়।প্রতক্ষ্যদর্শী ও নড়িয়া থানা সূত্র জানায়, আজ সকাল ১০টার দিকে চাকধ উচ্চবিদ্যালয়ের ছাত্র রাহিম ও তার ভাই একই প্রতিষ্ঠানের ছাত্র শাওন সাইকেল করে স্কুলে আসছিল। এ সময় মালবাহী ট্রলির চাপায় ঘটনাস্থলে রাহিম নিহত ও শাওন গুরুতর আহত হয়। আহত শাওনকে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ট্রলিটি ফেলে রেখে চালক পালিয়ে যায়।এর প্রতিবাদে সকাল ১১টার দিকে চাকধ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘড়িসার-শরীয়তপুর সড়ক অবরোধ করে। অবরোধ ভাঙার ও ট্রলিটি থানায় নেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংর্ঘষ বাধে। এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ৩০ মিনিট পাল্টাপাল্টি ধাওয়া হয়। এতে কয়েকজন ছাত্র আহত হয়। তখন চাকধ দক্ষিণ বাজারের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সহকারী পুলিশ সুপার ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।চাকধ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, স্কুলের ছাত্র নিহত হওয়ায় শিক্ষার্থীরা উত্তেজিত হয় । পুলিশের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়াও হয়। পুলিশের লাঠি পেটায় কয়েকজন ছাত্র আহত হয়েছে। পরে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করা হয়।সহকারী পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) এনায়েত হোসেন মান্নান জানান, পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ভুল বোঝাবোঝির ফলে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করা হয়েছে। ট্রলির চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।