শরীয়তপুরে নির্বাচন-পরবর্তী সহিংসতায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন-পরবর্তী সহিংসতায় দুজন নিহত হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলার চর সেনসাস ইউপি নির্বাচনের পর ব্যালট বাক্স ছিনতাইকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে এক পরাজিত প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে।নিহতেরা হলেন—উপজেলার নরসিংহপুর গ্রামের দুলাল গাজী (২০) ও আবুল খায়ের চৌকিদার (৬৫)। সংঘর্ষের সময় আরও পাঁচজন গুলিবিদ্ধ হন। এ ঘটনায় পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তাসহ অন্তত ৩০ জন আহত হয়।নিহতদের পরিবারের দাবি, সংঘর্ষের সময় পুলিশের ছোড়া গুলিতে দুলাল গাজী ও আবুল খায়ের নিহত হয়। আর পুলিশের দাবি হচ্ছে, তাদের গুলিতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ দুজন কাদের গুলিতে নিহত হয়েছেন পুলিশ তা তদন্ত করে দেখবে।ঘটনা সম্পর্কে সখীপুর থানার পুলিশের ভাষ্য, গতকাল সন্ধ্যায় চর সেনসাস ইউপি নির্বাচনের ভোট গণনা শেষ হয়। তখন পরাজিত চেয়ারম্যান প্রার্থী মমিন দিদারের সমর্থকেরা নির্বাচনী দায়িত্ব পালনে থাকা কর্মকর্তা ও পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে চর সেনসাস ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আলী আশ্রাফ বেপারীকান্দি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে থাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক, জ্যেষ্ঠ সহকারী কমিশনার সেখানে যান। কর্মকর্তারা ব্যালট বাক্স নিয়ে উপজেলা সদরের দিকে রওনা হলে মমিন দিদারের সমর্থকেরা শরীয়তপুর-চাঁদপুর সড়ক অবরোধ করে। অবরোধকারীরা ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা চালায়। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করে। তখন উত্তেজিত জনতা পুলিশের ওপর ইটপাটকেল ছোড়ে এবং লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৫০টি ফাঁকা গুলি ছুড়ে।সখীপুর থানার পুলিশ জানায়, ওই গুলিতে কেউ হতাহত হয়নি। তবে উত্তেজিত জনতার হামলায় অতিরিক্ত জেলা প্রশাসক আবি আবদুল্লাহ, জ্যেষ্ঠ সহকারী কমিশনার রাকিব হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর রহমানসহ ৩০ জন আহত হয়। আহতদের শরীয়তপুর সদর হাসপাতাল ও চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।প্রত্যক্ষদর্শীদের দাবি, সংঘর্ষের সময় পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান নরসিংহপুর গ্রামের দুলাল গাজী ও আবুল খায়ের চৌকিদার। এ ছাড়া গুলিবিদ্ধ হয়ে আহত হন রুমান (২০), আমানত খাঁ (৩০), ওসমান গাজী (৩২), আবুল তালুকদার (৪০) ও রহিম হাওলাদার (২৫)। নিহত আবুল খায়েরের ছেলে চর সেনসাস ইউপির সাবেক সদস্য সিদ্দিকুর রহমান বলেন, তাঁর বাবা নামাজ পড়ে কৌতূহলবশত ওখানে দাঁড়িয়েছিলেন। এ সময় একদল লোকের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পুলিশ লাঠিপেটা করে এবং গুলি চালায়। ওই গুলিতে তাঁর বাবা আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে দুজনের মৃত্যু এবং পাঁচজন আহত হওয়ার বিষয়ে জানতে চাওয়া হলে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ধীরেন চন্দ্র মহাপাত্র বলেন, গুলিবিদ্ধ হয়ে দুজন মারা যাওয়ার খবর শুনেছি। তবে পুলিশের গুলিতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুজন কাদের গুলিতে মারা গেছেন বিষয়টি তদন্ত করে দেখা হবে।