শরীয়তপুরে পদ্মাগর্ভে পাকা সড়ক-বসতবাড়ি ব্যবসাপ্রতিষ্ঠান
পদ্মা নদীতে পানি বেড়ে যাওয়ার ফলে তীব্র ভাঙনের সৃষ্টি হয়েছে। গত তিন দিনে নড়িয়া ও জাজিরা উপজেলার ২৫টি বসতবাড়ি, ১০টি ছোট ব্যবসাপ্রতিষ্ঠান, ৩০ মিটার পাকা সড়ক ও লঞ্চঘাটের জমি পদ্মাগর্ভে বিলীন হয়েছে। ভাঙনের হুমকির মুখে রয়েছে পাঁচটি গ্রামের ছয় শতাধিক পরিবারের বসতবাড়ি। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, বরাদ্দ না থাকায় ভাঙন রোধে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে না।শরীয়তপুর পাউবো ও স্থানীয় সূত্র জানায়, গত বুধবার থেকে শুক্রবার পর্যন্ত পদ্মার ভাঙনে নড়িয়া উপজেলার পাঁচগাঁও, চণ্ডীপুর; জাজিরা উপজেলার পাইনপাড়া, মাঝিকান্দি, ওছিম উদ্দিন মাদবরকান্দি গ্রামের ২৫টি বসতবাড়ি পদ্মার গর্ভে চলে গেছে। চণ্ডীপুর বাজার ও মঙ্গলমাঝি লঞ্চঘাটের ১০টি ছোট ব্যবসাপ্রতিষ্ঠান বিলীন হয়েছে। বিলীন হয়েছে ঢাকা-শরীয়তপুর সড়কের মঙ্গলমাঝি ঘাট অংশের ৩০ মিটার পাকা সড়ক। ঘাটটির ১০০ মিটার জায়গা বিলীন হওয়ায় এটি ৩০০ মিটার পশ্চিমে সরিয়ে নেওয়া হয়েছে।জাজিরা উপজেলার ওছিম উদ্দিন মাদবরকান্দি গ্রামের বাসিন্দা আবদুল জব্বার (৫০) বলেন, ‘প্রতিবছরই আমরা পদ্মার ভাঙনের শিকার হই। পদ্মা নদীতে সহায়-সম্বল সব হারিয়ে নিঃস্ব হয়ে অন্যের জায়গায় আশ্রয় নিয়েছি। ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার দাবি অনেক দিন থেকে জানিয়ে আসছি। কিন্তু কোনো লাভ হয়নি।’মঙ্গলমাঝি লঞ্চঘাটের ব্যবসায়ী লোকমান বলেন, ‘আমার ব্যবসাপ্রতিষ্ঠানটি বিলীন হয়েছে। আমি দরিদ্র মানুষ, এ দোকানের আয় দিয়ে সংসার চালাতাম। অন্যত্র জায়গা না পেয়ে ব্যবসা বন্ধ করে দিয়েছি। এখন কাজের সন্ধানে রাস্তায় রাস্তায় ঘুরছি।’মঙ্গলমাঝি লঞ্চঘাটের শ্রমিক জামাল উদ্দিন বলেন, ঢাকা-শরীয়তপুর সড়কের কিছু অংশ ও লঞ্চঘাটটি পদ্মায় ভেঙে গেছে। যাত্রীদের চলাচলের জন্য ৩০০ মিটার পশ্চিমে সরিয়ে ঘাটটি স্থাপন করা হয়েছে।শরীয়তপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী আবদুল হান্নান বলেন, ‘পদ্মা-মেঘনাবেষ্টিত শরীয়তপুরে কিছু এলাকায় প্রতিবছরই ভাঙন দেখা দেয়। ভাঙন রোধে কোনো বরাদ্দ আমাদের কার্যালয়ে না থাকায় কার্যকর পদক্ষেপ নিতে পারছি না। জাজিরা ও নড়িয়া উপজেলার পাঁচটি গ্রামে ভাঙন রোধে বাঁধ নির্মাণের প্রকল্প প্রস্তাব ঢাকায় প্রধান কার্যালয়ে পাঠানো হবে।’