শরীয়তপুরে পরিবহন ধর্মঘট চলছে
শরীয়তপুরের সব রুটে আজ মঙ্গলবার সকাল থেকে বাস ধর্মঘট চলছে। গত রোববার বাসের চাপায় একটি শিশু নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় লোকজন বাস ভাঙচুর করে ও শ্রমিকদের লাঞ্ছিত করে। এর প্রতিবাদে শরীয়তপুর আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এ ধর্মঘটের ডাক দেয়। সকাল থেকে বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা। শরীয়তপুর সদর বাস টার্মিনালের পরিবহন শ্রমিকেরা সড়ক অবরোধ করে রেখেছেন। তাঁরা অন্য কোনো পরিবহনও সড়কে চলাচল করতে দিচ্ছেন না। আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক চৌকিদার প্রথম আলো অনলাইনকে বলেন, বাস ভাঙচুর ও শ্রমিকদের লাঞ্ছনার সঙ্গে জড়িত অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে জেলার সব রুটে পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, গত রোববার দুপুরে জাজিরা ডিগ্রি কলেজের সামনে গ্লোরী পরিবহনের একটি বাস চার বছর বয়সী শিশু সাব্বিরকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। উত্তেজিত জনতা তখন বাসটি ভাঙচুর করে। এ ঘটনার প্রতিবাদে বাস ভাঙচুরের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার না করা পর্যন্ত পরিবহন ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শ্রমিক ইউনিয়নের নেতারা।