শরীয়তপুরে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দিনের মাথায় আজ বুধবার বিকেল থেকে শরীয়তপুরে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমঝোতা বৈঠকের পর বাস-মিনিবাস মালিক সমিতি ও বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন ধর্মঘট প্রত্যাহার করে নেয়। শরীয়তপুর সদর থানা ও স্থানীয় সূত্র জানায়, গতকাল মঙ্গলবার যাত্রী তোলাকে কেন্দ্র করে বাস-মিনিবাস ও ইজিবাইক শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়। এর জের ধরে বাসশ্রমিকেরা শরীয়তপুরে গণপরিবহন চলাচল বন্ধ করে দেন। আজ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক মো. সানোয়ার হোসেনের নেতৃত্বে বাস মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন, রাজনৈতিক নেতা ও পুলিশ প্রশাসনের মধ্যে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাস-মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতারা সড়কে অবৈধ যান চলাচল বন্ধের দাবি জানান। এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক গণপরিবহনের বিষয়ে খোঁজ নেওয়ার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেন।বৈঠকে পুনরায় শরীয়তপুরের সব রুটে গণপরিবহন চালু করার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে ঈদের পর গণপরিবহনের মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠক করে গাড়ি চলাচলের রুট নির্ধারণ করে দেওয়ারও সিদ্ধান্ত হয়। এরপর শরীয়তপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন যৌথ সভা করে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়। বিকেল পাঁচটা থেকে গণপরিবহন চলাচল শুরু হয়। বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক চৌকিদার বলেন, জেলা প্রশাসনের উদ্যোগে সমঝোতা সভার পর পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম বলেন, আগের মতোই সব রুটে যানবাহন চলাচল করবে। কেউ বাধা দিলে স্থানীয় প্রশাসন আইনি ব্যবস্থা নেবে।