শরীয়তপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষ, গুলিতে দুই ব্যক্তি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাইকে কেন্দ্র করে গত রোববার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তাসহ আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন: নরসিংহপুর গ্রামের দুলাল গাজী (২৫) ও আবুল খায়ের চৌকিদার (৬৫)। তাঁদের স্বজনদের অভিযোগ, পুলিশের গুলিতে দুলাল ও খায়ের নিহত হয়েছেন। তবে পুলিশের দাবি, তাদের গুলিতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছুড়েছে মাত্র। এ ঘটনায় দায়ী পুলিশ সদস্যদের শাস্তির দাবিতে গ্রামবাসী গতকাল সোমবার বেলা একটার দিকে লাশ নিয়ে গ্রামে মিছিল করে।উপজেলার সখীপুর থানা ও নির্বাচন কর্মকর্তা সূত্রের বর্ণনা অনুযায়ী, রোববার উপজেলার চরসেনসাস ইউপির আলী আশ্রাফ বেপারীকান্দি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। সন্ধ্যায় ভোট গ্রহণ শেষ হলে চেয়ারম্যান পদে পরাজিত প্রার্থী মমিন দিদারের সমর্থকেরা নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে সেখানে ছুটে যান প্রশাসনের কয়েকজন কর্মকর্তা। ব্যালট বাক্স নিয়ে তাঁরা উপজেলা সদরের দিকে রওনা হন। কেন্দ্রের প্রায় ২০০ গজ দূরে শরীয়তপুর-চাঁদপুর সড়কে কর্মকর্তা ও পুলিশ সদস্যদের পথরোধ করে মমিন দিদারের সমর্থকেরা। তারা কর্মকর্তা ও পুলিশ সদস্যদের আটক করে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা চালায়। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা করে। এ সময় তারা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে এবং লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। হামলাকারীরা পুলিশের একটি গাড়ি ও একটি মোটরসাইকেল ভাঙচুর করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে।এলাকাবাসীর অভিযোগ, ফাঁকা গুলি নয়; পুলিশ এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলে ওই দুজন মারা যান। এ ছাড়া গুলিবিদ্ধ হন রুমান, আমানত খাঁ, ওসমান গাজী, আবুল তালুকদার ও রহিম হাওলাদার। তাঁরা চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।সংঘর্ষে আহত অতিরিক্ত জেলা প্রশাসক নিতাই চন্দ্র সেন, জ্যেষ্ঠ সহকারী কমিশনার রাকিব হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর রহমান, পরিদর্শক ইদ্রিস মোল্যাসহ অন্তত ৩০ জন শরীয়তপুর ও চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গতকাল দুপুরে নরসিংহপুর গ্রামে গিয়ে দেখা যায়, নিহত ব্যক্তিদের বাড়িতে মাতম চলছে। পুলিশ গতকাল দুপুর দুইটার দিকে গ্রামে গিয়ে লাশ দুটি উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।দুলাল গাজীর মা আনোয়ারা বেগম বলেন, ‘আমার ছেলের আয়ে সংসার চলত। সে ভোটের ফলাফল জানতে কেন্দ্রের পাশে অপেক্ষা করছিল। মানুষ ছত্রভঙ্গ করতে পুলিশ এলোপাতাড়ি গুলি করলে আমার ছেলে মারা যায়।’ আবুল খায়ের চৌকিদারের ছেলে ছিদ্দিকুর রহমান বলেন, ‘ফলাফল জানতে আমরা কেন্দ্রের কাছে অপেক্ষা করছিলাম। পুলিশ ভিড়ের মধ্যে এলোপাতাড়ি গুলি চালায়। আমার বাবা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। আমরা পুলিশের বিরুদ্ধে মামলা করতে ভয় পাচ্ছি।’শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ইকবাল আহমেদ প্রথম আলোকে বলেন, নিহত একজনের শরীর থেকে একটি গুলি বের করা হয়েছে। নিহত অপরজনের শরীর ভেদ করে গুলি বেরিয়ে গেছে। পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী মমিন দিদারের দাবি, ‘গুলিতে নিহত ব্যক্তিরা আমার সমর্থক নন, এলাকার নিরীহ মানুষ। আমার কোনো সমর্থক ভোটকেন্দ্র অবরোধ করেননি; নির্বাচনী কর্মকর্তা ও পুলিশের ওপর হামলাও চালাননি।’ সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ধীরেন চন্দ্র মহাপাত্র বলেন, ‘ব্যালট বাক্স ছিনতাইকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকেরা হামলা চালালে পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দেড় শটি ফাঁকা গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে দুই ব্যক্তি মারা যাওয়ার খবর শুনেছি। তবে পুলিশের গুলিতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাটি তদন্ত করে দেখা হবে।’ এ ঘটনায় ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবুল হোসেন বাদী হয়ে গতকাল রাতে থানায় মামলা করেছেন। মামলায় অজ্ঞাত পরিচয় দুই হাজার গ্রামবাসীকে আসামি করা হয়েছে।