শরীয়তপুরে মা-মেয়ে খুন
শরীয়তপুরের জাজিরা উপজেলার সদর আলী মাদবরকান্দি গ্রামে ফুলজান বিবি ও তাঁর মেয়ে রাশিদা বেগম নামে দুজন খুন হয়েছেন। আজ শনিবার পুলিশ ওই গ্রামের একটি ফসলি জমি থেকে তাঁদের লাশ উদ্ধার করে। তাঁদের জবাই ও কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।নিহত রাশিদা বেগম ওই গ্রামের এস্কান্দার মাতবরের স্ত্রী।জাজিরা থানা সূত্রে জানা গেছে, জমিসংক্রান্ত বিরোধ নিয়ে ওই হত্যাকাণ্ড ঘটতে পারে। নিহতের স্বামী এস্কান্দার মাতবরের সঙ্গে তাঁর চাচা জাহের মাতবরের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে গত বৃহস্পতিবার এস্কান্দারের সঙ্গে তাঁর চাচা ও চাচাতো ভাইদের কথা-কাটাকাটি এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এস্কান্দারের বড় ছেলে রাসেল আহত হন। পরে তাঁকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।দুই পক্ষের এই বিরোধ মীমাংসার জন্য গতকাল শুক্রবার স্থানীয় বিকে নগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মজিবর মাতবরের নেতৃত্বে সালিস বসে। সালিসে জাহের মাতবরের পরিবারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।আর আজ ভোরে গ্রামের মানুষ এস্কান্দার মাতবরের বাড়ির পাশের ফসলি জমিতে রাশিদা ও তাঁর মা ফুলজানের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ ঘটনার পর এস্কান্দারের চাচা জাহের মাতবর ও তাঁর চার ছেলে আত্মগোপন করেছেন। পরে নিহতের স্বামী এস্কান্দারকে আটক করেছে পুলিশ।এস্কান্দারের ১৮ বছর বয়সী ছেলে রাসেল বলেন, তাঁর বাবা পাগল প্রকৃতির মানুষ। তিনি কখনো মানুষের সঙ্গে উত্তেজিত আচরণ করেন না। রাসেল তাঁর মা ও নানির হত্যাকারীদের বিচার দাবি করেন।জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, অভিযুক্ত এস্কান্দার মানসিক ভারসাম্যহীন। তিনি কখনো হত্যাকাণ্ডের কথা স্বীকার করছেন। আবার কখনো অস্বীকার করছেন। তবে তিনি খুব সতর্কতার সঙ্গে হত্যাকাণ্ডটির তদন্ত করা হবে বলে জানান। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।