শরীয়তপুরে মেঘনায় ডুবে গেছে এক ফেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের নরসিংহপুর ঘাটে মেঘনা নদীতে ‘ঢাকা’ নামে একটি ফেরি বেশ কয়েকটি যানবাহন নিয়ে আজ বুধবার দুপুর আড়াইটার দিকে ডুবে গেছে। তবে যানবাহনের সব যাত্রী নৌকা ও ট্রলারের সাহায্যে তীরে পৌঁছেছে বলে জানা গেছে। ফেরিটি চাঁদপুর থেকে শরীয়তপুর যাচ্ছিল।ঘটনা তদন্তে নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আবদুল কুদ্দুসকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পরবর্তী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।ফেরিতে থাকা যানবাহনগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রাম থেকে খুলনাগামী শতাব্দী ও কমফোর্ট নামের দুটি যাত্রীবাহী বাস, মালবোঝাই চারটি ট্রাক, একটি পিকআপ ভ্যান, লাশবহনকারী একটি গাড়ি।চাঁদপুর-শরীয়তপুর ফেরি সার্ভিসের বিআইডব্লিওটিসির সহকারী ব্যবস্থাপক জহির উদ্দিন জানান, ঢাকা নামের ফেরিটি আজ দুপুর ১২টায় চাঁদপুর হরিণাঘাট থেকে শরীয়তপুরের উদ্দেশে রওনা হয়।ফেরিটি মাঝনদীতে যাওয়ার পর অতিরিক্ত যাত্রী ও গাড়ির ওজনের কারণে ফেরির ভেতরে পানি ঢুকতে থাকে। একপর্যায়ে ফেরিতে থাকা যানবাহনেও পানি ঢুকে যায়।এ পর্যায়ে ফেরিচালক ফেরিটি চালিয়ে নরসিংহপুর ঘাটে নিয়ে যান। এ সময় ঘাটে থাকা নৌকা ও ট্রলার গিয়ে ফেরি থেকে যাত্রীদের উদ্ধার করে। এমনকি লাশবহনকারীর গাড়িটির কাচ ভেঙে লাশ বের করে আনা হয়। যাত্রীদের নিরাপদে সরিয়ে আনার কিছুক্ষণ পরই ফেরিটি পুরোপুরি ডুবে যায় বলে জানা যায়।ফেরিটি উদ্ধারের জন্য উদ্ধারকারী জাহাজ হামজা ও রস্তমকে খবর দেওয়া হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত জাহাজ দুটি ঘটনাস্থলে পৌঁছায়নি।