শরীয়তপুরে ২০ গ্রামের মানুষের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর-তারাবুনিয়া সড়কটি পানির স্রোতে ভেঙে যাওয়ায় এলাকার মানুষ দুর্ভোগের মধ্যে পড়েছে। সড়কটি দিয়ে দুই ইউনিয়নের ২০ গ্রামের মানুষ যাতায়াত করে। স্থানীয় এলজিইডি সড়কটি রক্ষা করার কোনো উদ্যোগ গ্রহণ করেনি বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সখিপুর থানা সদর থেকে উত্তর তারাবুনিয়া হয়ে দক্ষিণ তারাবুনিয়া পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য ১৫ কিলোমিটার। সড়কের কিছু অংশ পাকা, কিছু অংশ ইটের এবং কিছু অংশ মাটির তৈরি। পদ্মা নদীর পানি বৃদ্ধির ফলে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় স্রোতের তোড়ে সড়কটি ভেঙে গেছে। সড়কের তাতিকান্দি ও চেয়ারম্যান বাজার এলাকায় দুই কিলোমিটার ভেঙে যাওয়ায় মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে। এ পথে রিকশা, টেম্পো, ভ্যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় নৌপথে যাতায়াত করতে হচ্ছে উত্তর তারাবুনিয়া ও দক্ষিণ তারাবুনিয়ার ২০টি গ্রামের মানুষকে। তাতিকান্দি গ্রামের বাসিন্দা সিহাবউদ্দিন (৪০) বলেন, ‘আমাদের এ অঞ্চলের মানুষের জেলা ও উপজেলা সদরে যাতায়াতের একমাত্র রাস্তা এটি। এ সড়ক দিয়ে ভ্যান ও টেম্পোতে করে কৃষিপণ্য হাটবাজারে নিয়ে যাই। সড়কটি ইচ্ছা করলে এলজিইডি রক্ষা করতে পারত।’ মালকান্দি গ্রামের মানিক (৩৫) বলেন, ‘সড়কটি ভেঙ্গে যাওয়ায় আমরা অনেক দুর্ভোগে পড়েছি। পায়ে হেঁটে, নৌকায় করে আমাদের যাতায়াত করতে হচ্ছে। দ্রুত সড়কটির সংস্কার করার জন্য এলাকার চেয়ারম্যানের কাছে দাবি জানিয়েছি।’ উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য হালিম মোল্লা বলেন, ‘সড়কটির কিছু অংশ যখন ভেঙে যায় তখন স্থানীয় এলজিইডিকে অনুরোধ করেছিলাম প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু তারা কোনো গুরুত্ব দেয়নি। এখন সড়কের দুই কিলোমিটার এলাকা ভেঙ্গে গেছে। এলাকার কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে।’শরীয়তপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নিরঞ্জন দাস বলেন, ‘সড়কটি পানির স্রোতের তোড়ে ভেঙ্গে যাওয়ার পর আমাদের কাছে খবর এসেছে। এ মুহূর্তে আমাদের কিছু করার নেই। নতুন একটি প্রকল্প করে বর্ষা মৌসুমের পর সড়কটি সংস্কার করা হবে।’