শরীয়তপুরের দুটি সরকারি কলেজে পরিবহন নেই শিক্ষার্থীরা দুর্ভোগে
শরীয়তপুর সরকারি কলেজ ও সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজে শিক্ষার্থীদের বহনের কোনো পরিবহন নেই। শিক্ষার্থীরা স্থানীয় যাত্রীবাহী বাসে করে কলেজে যাতায়াত করে। আর ভাড়া নিয়ে বাসশ্রমিকদের সঙ্গে শিক্ষার্থীদের প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। বাসশ্রমিকদের অশোভন আচরণের শিকার হয় ছাত্রীরা। শরীয়তপুর সরকারি কলেজ সূত্রে জানা যায়, জেলা সদরে দুটি সরকারি কলেজ রয়েছে। এর মধ্যে শরীয়তপুর সরকারি কলেজটি ১৯৭৮ সালে স্থাপন করা হয়। ১৯৮০ সালে কলেজটি সরকারি হয়। কলেজে একাদশ শ্রেণী থেকে স্নাতক সম্মান পর্যন্ত আড়াই হাজার শিক্ষার্থী রয়েছে। সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজ ১৯৯৪ সালে স্থাপিত এবং ১৯৯৭ সালে সরকারি হয়। এ কলেজে উচ্চমাধ্যমিক শ্রেণীতে ১৫০ জন শিক্ষার্থী রয়েছে। কলেজে কোনো পরিবহনব্যবস্থা না থাকায় শিক্ষার্থীরা যাত্রীবাহী বাসে যাতায়াত করে থাকে। বাসভাড়াকে কেন্দ্র করে গত জানুয়ারি থেকে বাসশ্রমিকদের সঙ্গে শিক্ষার্থীদের পাঁচবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত মার্চে ছাত্রীদের সঙ্গে অশোভন আচরণের প্রতিবাদে সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজের ছাত্রীরা ঢাকা-শরীয়তপুর সড়ক চার ঘণ্টা অবরোধ করে। গত ১৪ আগস্ট বাসভাড়া দেওয়া নিয়ে শরীয়তপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে বাসশ্রমিকদের সংঘর্ষে পুলিশসহ ৭১ জন আহত হয়। এর প্রতিবাদে বাসধর্মঘটও হয়। শ্রমিকদের বিচারের দাবি ও কলেজের নিজস্ব পরিবহনব্যবস্থার দাবি জানিয়ে শরীয়তপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা শহরে বিক্ষোভ মিছিল করেছে। শরীয়তপুর সরকারি কলেজের শিক্ষার্থী ইমরান, সিফাত ও দীপা জানান, কলেজের কোনো বাস না থাকায় তাঁরা অনেক কষ্ট করে কলেজে যাতায়াত করেন। প্রায়ই বাসশ্রমিকেরা তাদের বাসে তোলে না। মাঝপথে নামিয়ে দেয়। সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজের শিক্ষার্থী সুরাইয়া, দীনা ও তপু জানান, বাসশ্রমিকেরা প্রায় সময়ই তাঁদের বাসে তুলতে চায় না। কখনো বাসে উঠতে পারলেও শ্রমিকেরা অশোভন আচরণ করে। অশ্লীল মন্তব্য করে। এভাবে মুখ বুঝে তাঁরা কলেজে যাতায়াত করেন। শরীয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ আলী হোসেন বলেন, ‘প্রতিবছর কলেজের শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাদের যাত্রীবাহী বাসে যাতায়াত করতে বেশ সমস্যা হয়। কলেজে কয়েকটি বাসের প্রয়োজন। আমরা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ে বাসের প্রয়োজনীয়তা জানিয়ে পত্র লিখব।’ শরীয়তপুরের জেলা প্রশাসক মো. সানোয়ার হোসেন বলেন, ‘এমনিতেই শরীয়তপুরে পাবলিক পরিবহনের সংকট। তারপর শহরের স্কুল-কলেজগুলোতে অনেক শিক্ষার্থী বাইরে থেকে যাতায়াত করে। কলেজগুলোতে নিজস্ব পরিবহনব্যবস্থা চালু করা জরুরি।’