তৃতীয়-চতুর্থ শ্রেণীতে পড়ার সময় স্কুলের মাঠে বড় ভাইদের ক্রিকেট খেলতে দেখতাম। তাঁদের কারণে মাঠে খেলার সুযোগই পেতাম না আমরা। পঞ্চম শ্রেণীতে ওঠার পর অল্পস্বল্প খেলা শুরু করলেও মাঠে খেলা ছিল প্রায় অসম্ভব। তবে বিকল্প ব্যবস্থা করে নিয়েছিলাম। বরিশাল জেলা স্কুলের মাঠের এক প্রান্তে একটি স্তম্ভের ওপর বসানো ছিল একটি পুরোনো যুদ্ধবিমানের মডেল। এর নিচে সিমেন্ট দিয়ে ঢালাই করা লোহার রেলিং দিয়ে ঘেরা জায়গা ছিল, সেখানেই চলত আমাদের খেলা। রেলিংয়ের এক অংশকেই ব্যবহার করতাম স্টাম্প হিসেবে। খেলায় ব্যাটসম্যান থাকত একজন। প্রতিপক্ষ দলে বোলারসহ পাঁচ-ছয়জন। ছোট্ট বাউন্ডারির মধ্যে খেলতাম বলে খেলাটাকে বলতাম ‘শর্ট ক্রিজ ক্রিকেট’। ক্রিকেটের এই নব্য সংস্করণ দ্রুত ছাত্রদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠল। বড় ভাইয়েরা আমাদের সরিয়ে দিয়ে খেলা শুরু করল। তখন আমরা খেলতাম মাঠে। কিন্তু ‘শর্ট ক্রিজ ক্রিকেট’ আমাদের মনে এতটাই জেঁকে বসেছিল যে, মাঠে আর আমাদের খেলার ইচ্ছাই হতো না। ক্লাস নাইন-টেনে উঠে নিয়মিত খেলা শুরু করলাম। সেই খেলার নিয়মকানুন ছিল বড় অদ্ভুত। পিচ ছোট বলে জোরে বল করা যেত না, দৌড়ে রান হতো না। হয় চার, নয়তো ছয় রান নিতে হতো। বলকে সামনে বা দুই পাশে ব্যাট দিয়ে মেরে সরাসরি লাগালে ছিল ছয়। কিন্তু রেলিংয়ের ওপর দিয়ে উড়িয়ে মারলে আউট। তাই ব্যাট করতে হতো খুব সাবধানে। বেশি জোরে মারলে আউটের আশঙ্কা। আস্তে মারলে রান হতো না। খেলতে খেলতে সিমেন্টের পিচ ক্ষয়ে গর্ত হয়ে যেত। ব্যাট ভাঙত। টেপ টেনিস বল ফাটত। তার পরও আমরা নতুন উদ্যমে খেলতাম। ওই বিমানের নিচে ক্রিকেট খেলতে গিয়ে কত হাসি-ঠাট্টা, মান-অভিমান করেছি! শর্ট ক্রিজ ক্রিকেটে কত রান, সেঞ্চুরি, হ্যাটট্রিক হয়েছে! উচ্চমাধ্যমিকে উঠে আমরা আজ বিভিন্নজন বিভিন্ন জায়গায়। কিন্তু মন যেন আজও সেই বিমানের নিচে গিয়ে দুরন্ত কিশোরের মতো উল্লাসে মেতে উঠতে চায়। অদ্ভুত আনন্দময় সেই দিনগুলোর কথা মনে পড়লে মনটা যেন আবেগে আজও সিক্ত হয়।মো. আলী আমেরসরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশালপ্রিয় পাঠক, চিঠি লিখুন ৩০০ শব্দের মধ্যে, কাগজের এক পৃষ্ঠায়, স্পষ্ট অক্ষরে। সেরা চিঠির জন্য পুরস্কার ২০০ টাকার প্রাইজবন্ড। ঠিকানা: স্টেডিয়াম, প্রথম আলো সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা।