শর্ত দিয়ে সংলাপ হয় না: নাসিম
আওয়ামী লীগের নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বিরোধী দলের উদ্দেশে বলেছেন, ‘শর্ত দিয়ে সংলাপ হয় না। শুধু শর্ত দেওয়ার কারণে অতীতে অনেক সংলাপ সফল হয়নি।’ আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র নস্যাতের ষড়যন্ত্র, গণবিরোধী হরতাল এবং মানুষ হত্যার প্রতিবাদে বঙ্গবন্ধু মঞ্চ আয়োজিত মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম এ কথা বলেন।নাসিম বলেন, সংলাপ করতে হলে বিরোধী দলকে সংসদে এসে তাঁদের প্রস্তাব তুলে ধরতে হবে। কারণ, জাতীয় সংসদই আলোচনার কেন্দ্রবিন্দু। সংলাপ হতে হবে সংসদেই। অতীতে সংসদের বাইরের কোনো আলোচনা সফল হয়নি। এ কারণে সংসদের বাইরে আলোচনার প্রয়োজন নেই।আগামী নির্বাচন সুষ্ঠু করার কোনো সূত্র থাকলে সংসদে এসে তা বাতলাতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে নাসিম বলেন, হরতাল দিয়ে মানুষ হত্যা করে এর সমাধান করা যাবে না। এ সময় বিএনপি নেতাদের উদ্দেশ তিনি বলেন, ‘গণতন্ত্র ও জনগণের স্বার্থে প্রস্তাব দিন। এমন কোনো প্রস্তাব দেবেন না, যাতে সংলাপ ভেস্তে যায়।’সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগের অবস্থান আগের মতোই স্পষ্ট। কোনো অনির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চায় না দলটি। কারণ, অনির্বাচিত কোনো সরকারের হাতে ক্ষমতা গেলে তারা আবার তাদের ‘মাইনাস ফরমুলা’ বাস্তবায়নের চেষ্টা করবে।সংগঠনের সভাপতি নিয়াজ মোহাম্মাদ খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল হক, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম মিলন প্রমুখ।বাসস।