শর্ত না মানলে বিএনপি সংসদে যাবে না: জয়নাল আবদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক বলেছেন, শর্ত না মানলে বিএনপি সংসদে যাবে না। স্পিকার গতকাল রোববার বিএনপিকে সংসদে ফেরার আহ্বান জানানোর পরিপ্রেক্ষেতে জয়নাল আবদিন বলেন, ‘স্পিকার নিরপেক্ষতা বজায় রাখতে পারেননি। আমরা যেসব শর্ত দিয়েছিলাম, সেগুলো নিয়ে সরকারের সঙ্গে আলোচনার সুযোগ সৃষ্টি করতে তিনি ব্যর্থ হয়েছেন।’ উদাহরণ দিয়ে জয়নাল আবদিন বলেন, চারটি কমিটিতে বিএনপিকে সভাপতি করার কথা ছিল, কিন্তু করা হয়েছে দুটিতে। এ কারণে তিনি কথা রাখতে পারেননি। এ ছাড়া তিনি অভিযোগ করে বলেন, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বাড়িতে জরুরি কাগজপত্র পৌঁছানো হয় না। তাঁর গাড়ি, ড্রাইভার, ব্যক্তিগত চিকিৎসককে যেতে বাধা দেওয়া হয়।আজ সোমবার দুপুরে জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে জয়নাল আবদিন এসব কথা বলেন। বিরোধীদলীয় চিফ হুইপ আরও বলেন, সম্প্রতি যেসব নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে তাঁদের বিষয়টিসহ অন্যান্য মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনার সুযোগ দিতে হবে। এর মধ্য দিয়ে স্পিকারের নিরপেক্ষতা প্রমাণ হবে। অন্যান্য মুলতবি প্রস্তাবের মধ্যে রয়েছে টিপাইমুখ বাঁধ, বিডিআর ইস্যু, দ্রব্যমূল্য বৃদ্ধি, খালেদা জিয়ার বাড়ি ইত্যাদি। স্পিকার এসব ব্যাপারে নিশ্চয়তা দিতে পারলে বিএনপি সংসদে ফিরবে।বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘এই মুলতবি প্রস্তাবগুলোর মধ্যে বেশির ভাগই পুরোনো। স্পিকার যেহেতু এসব ব্যাপারে আলোচনার সুযোগ সৃষ্টি করতে পারেননি, তাই আমরা তাঁর প্রস্তাব প্রত্যাখান করেছি।’