শর্ত না মানলে লিবিয়ায় হামলা
জাতিসংঘের অনুমোদন পাওয়ার পর সংঘাতবিক্ষুব্ধ লিবিয়ায় সামরিক অভিযানের প্রস্তুতি শুরু করেছে আন্তর্জাতিক মহল। তবে আজ শনিবার প্যারিসে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), আরব লিগ ও আফ্রিকান ইউনিয়নের (এইউ) এক শীর্ষ সম্মেলনে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে গতকাল মধ্যরাতে পাওয়া সর্বশেষ খবরে জানা গেছে। এ বৈঠকে জাতিসংঘের মহাসচিব বান কি মুন ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন উপস্থিত থাকবেন। এতে গাদ্দাফি সরকারের আকস্মিক যুদ্ধবিরতি ঘোষণার পরিপ্রেক্ষিতে করণীয় আলোচিত হবে। গতকাল মধ্যরাতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সতর্ক করে দিয়ে বলেন, গাদ্দাফি জাতিসংঘের প্রস্তাব না মেনে চললে তাঁর বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়া হবে।এর আগে বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে একনায়ক মুয়াম্মার গাদ্দাফির হাত থেকে লিবিয়ার জনগণকে রক্ষায় ‘প্রয়োজনীয় সব পদক্ষেপ’ নেওয়ার প্রস্তাব পাস হয়। এ প্রস্তাব অনুমোদন হওয়ার প্রেক্ষাপটে যুক্তরাজ্য ও ফ্রান্স অভিযানের প্রস্তুতি নিলে লিবিয়া গতকাল রাতে হঠাৎ করে যুদ্ধবিরতির ঘোষণা দেয়। তবে এ ঘোষণার পরও গতকাল মধ্যরাত (বাংলাদেশ সময়) পর্যন্ত লিবিয়ায় সরকারবিরোধীদের ওপর হামলা অব্যাহত ছিল। গতকাল রাতে সংবাদ সংস্থাগুলোর খবরে বলা হয়, যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতৃত্বে কয়েকটি দেশ যেকোনো সময় লিবিয়ায় হামলা চালাতে পারে। দিনক্ষণ উল্লেখ না করে ফ্রান্স গতকাল সন্ধ্যায় বলেছিল, ‘কয়েক ঘণ্টার মধ্যে’ লিবিয়ার ওপর বিমান হামলা চালানো হবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও বলেন, কয়েক ঘণ্টার মধ্যে ভূমধ্যসাগরীয় ঘাঁটিগুলোতে যুদ্ধবিমান মোতায়েন করা হবে। এর কিছু সময় পরই লিবিয়া যুদ্ধবিরতির ঘোষণা দেয়।যুক্তরাজ্যের নরফোকের বিমানঘাঁটি থেকে বিবিসির এক সাংবাদিক জানান, দুই স্কোয়াড্রন টর্নেডো যুদ্ধবিমান ‘নো ফ্লাই জোন’ কার্যকর করতে রওনা হতে পারে। এর মধ্যে স্কোয়াড্রন ৯ ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ধ্বংস এবং স্কোয়াড্রন ৩১ কামান ও ট্যাংক ধ্বংসে সক্ষম স্টর্ম শ্যাডো ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে।লিবিয়ার যুদ্ধবিরতির ঘোষণার প্রতিক্রিয়া জানিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স তিন দেশই বলেছে কথা নয়, তারা কাজে যুদ্ধবিরতি দেখতে চায়।জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন, ‘বর্তমান পরিস্থিতি খুবই জটিল। আমি আশা করছি, প্রস্তাব অনুসারে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।’ নিরস্ত্র বেসামরিক লোকদের হত্যার দায়ে গাদ্দাফিকে বিচারের আওতায় আনার কথাও বলেন তিনি।প্রস্তাব পাস: জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৯৭৩ নম্বর প্রস্তাবের আওতায় লিবিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায় যুক্তরাজ্য, ফ্রান্স ও লেবানন। যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে এ প্রস্তাব উত্থাপন করা হয়। নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ১০ ভোট পড়ে। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের অপর পাঁচ সদস্যরাষ্ট্র ভোটে অংশ নেওয়া থেকে বিরত থাকে। নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন ও রাশিয়া যেকোনো প্রস্তাবে ভেটো দেওয়ার ক্ষমতাধারী। চীন ও রাশিয়া আগে থেকেই এ ধরনের প্রস্তাবের বিরোধিতা করলেও বৃহস্পতিবারের প্রস্তাবে ভেটো না দিয়ে ভোটাভুটিতে অংশ নেওয়া থেকে বিরত থাকার কৌশল নেয়। দেশ দুটির মতে, ‘এ ধরনের পদক্ষেপ নেওয়া বিপজ্জনক নজির হয়ে থাকবে।’জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান রাইস বলেন, ‘এ প্রস্তাব লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি ও তাঁর সহযোগীদের প্রতি একটি শক্ত বার্তা। তাঁদের অবশ্যই সহিংসতা, মানুষ হত্যা বন্ধ করতে হবে।’জাতিসংঘে আলোচনায় প্রথমে লিবিয়ায় শুধু নো ফ্লাই জোন প্রতিষ্ঠার কথা ভাবা হয়েছিল। গাদ্দাফির অনুগত সেনারা যাতে বিদ্রোহী ও সাধারণ জনগণের ওপর বিমান হামলা চালাতে না পারে, সে জন্য ফ্রান্সের পক্ষ থেকে এমন প্রস্তাব করা হয়। তবে শেষ পর্যন্ত পাস হওয়া প্রস্তাবে লিবিয়ার জনগণকে রক্ষায় ‘প্রয়োজনীয় সব পদক্ষেপ’ নেওয়ার কথা বলা হয়েছে। এতে লিবিয়ায় সামরিক অভিযান চালানোর পথ সুগম করা হয়েছে। তবে সেখানে বিদেশি সেনা মোতায়েন করা হবে না।এদিকে ন্যাটো লিবিয়ায় সম্ভাব্য সামরিক অভিযানের ক্ষেত্রে করণীয় স্থির করতে কাল শুক্রবার আলোচনায় বসে। এতে সিদ্ধান্ত হয়, জাতিসংঘের প্রস্তাব অনুসারে তারা ‘যথাযথ ব্যবস্থা’ নেবে। ফ্রান্স ও যুক্তরাজ্যের প্রস্তুতি: ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন গতকাল বলেন, নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী লিবিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেশটির আশপাশের ঘাঁটিগুলোতে যুদ্ধবিমান মোতায়েন করা হচ্ছে। পার্লামেন্টে তিনি বলেন, ‘মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, লিবিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাজ্য কার্যকর ভূমিকা নেবে।’ ক্যামেরন জানান, লিবিয়ায় নো ফ্লাই জোন তৈরিসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মিত্রদের সঙ্গে নিয়ে কাজ করতে চিফ অব ডিফেন্স স্টাফকে নির্দেশ দেওয়া হয়েছে। ফ্রান্স সরকারের মুখপাত্র ফ্রাঁসোয়া বেরোয়াঁ বলেন, ‘কয়েক ঘণ্টার মধ্যেই’ লিবিয়ার ওপর হামলা চালানো হবে। যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতৃত্বে কয়েকটি আরব দেশ লিবিয়ায় অভিযানে মূল ভূমিকা রাখবে। নরওয়ে জানিয়েছে, লিবিয়ার বিরুদ্ধে সামরিক অভিযানে তারা অংশ নেবে। কাতারের রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ সংস্থা জানায়, লিবিয়ার জনগণকে রক্ষায় আন্তর্জাতিক উদ্যোগে অংশ নেবে দোহা। তবে দেশটি সামরিক অভিযানে অংশ নেবে কি না, তা স্পষ্ট করেনি।কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার জানিয়েছেন, লিবিয়ায় নো ফ্লাই জোন গড়তে তাঁর দেশ যুদ্ধবিমান পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।বিশ্লেষকদের মতে, লিবিয়ার ওপর প্রথম দিকে বিমান হামলা চালানো হতে পারে। হামলার লক্ষ্য হতে পারে গাদ্দাফির বিমানবাহিনীকে বিপর্যস্ত করা। কিন্তু গাদ্দাফির মূল শক্তি হলো স্থলবাহিনী। এই বাহিনীকে দুর্বল করতে না পারলে তাঁকে কাবু করা কঠিন হবে।লিবিয়ার প্রতিক্রিয়া: নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস হওয়ার পর লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী মুসা কুসা গতকাল দেশটির রাজধানী ত্রিপোলিতে সংবাদ সম্মেলন করেন। এতে তিনি বলেন, ‘আমরা যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিয়েছি। কারণ, লিবিয়া জাতিসংঘের সদস্য। তাই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব মেনে চলতেও বাধ্য।’ তবে গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম নিরাপত্তা পরিষদের প্রস্তাবকে লিবিয়ার প্রতি ‘অন্যায়’ বলে উল্লেখ করেছেন। লিবিয়ার সরকারের একজন মুখপাত্র এ প্রস্তাবকে লিবিয়ার প্রতি জাতিসংঘের ‘আগ্রাসন’ বলে আখ্যা দেন।গাদ্দাফিবিরোধীরা নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস করায় এর সঙ্গে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছে। প্রস্তাব পাসের খবর পাওয়ার পর বিদ্রোহীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। তাদের দখলে থাকা লিবিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বেনগাজিতে আতশবাজি ফুটিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। পররাষ্ট্রমন্ত্রী মুসা কুসার যুদ্ধবিরতির ঘোষণা প্রত্যাখ্যান করেছে বিদ্রোহীরা। বিদ্রোহীদের কমান্ডার খলিফা হেফতির বেনগাজিতে সংবাদ সম্মেলনে বলেন, ‘যুদ্ধবিরতির ঘোষণা আমাদের কাছে গুরুত্বপূর্ণ কিছু নয়। গাদ্দাফি আসলে ধোঁকাবাজির কৌশল নিয়েছেন। তিনি সত্য কথা বলেন না। গোটা বিশ্ব জানে, গাদ্দাফি একজন মিথ্যাবাদী। তাঁর ছেলেরা, পরিবারের অন্য সদস্য ও সহযোগীরা সবাই চরম মিথ্যাবাদী।’চীন, রাশিয়া ও জার্মানির অবস্থান: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াং ইউ বলেন, ‘নিরাপত্তা পরিষদের প্রস্তাবটির ব্যাপারে তাঁদের “গুরুতর আপত্তি” আছে। কিন্তু আফ্রিকান ইউনিয়ন, আরব দেশগুলোর অবস্থান এবং লিবিয়ার বর্তমান পরিস্থিতির কারণে ওই প্রস্তাবে ভেটো দেওয়া থেকে আমরা বিরত থাকি।’নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য জার্মানিও এই ভোটাভুটিতে অংশ নেয়নি। দেশটি লিবিয়ায় কোনো সামরিক অভিযানে অংশ নেবে না বলে জানিয়েছে। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী গুইডো ওয়েস্টারওয়েল বলেন, তাঁর দেশ মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে সামরিক অভিযানকে ‘বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ’ মনে করে। তবে পরে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল বলেন, তাঁরা জাতিসংঘের প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত থাকলেও এর পক্ষে রয়েছেন। জার্মানিকে ‘নিরপেক্ষ’ মনে করার কারণ নেই।রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানায়, রাশিয়াও লিবিয়ার বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে অংশ নেবে না। প্রসঙ্গত, ১৯৬৯ সালে রক্তপাতহীন এক অভ্যুত্থানে ক্ষমতায় আসেন সেনা কর্মকর্তা মুয়াম্মার গাদ্দাফি। তাঁর প্রায় ৪২ বছরের শাসনের অবসানের দাবিতে গত ১৫ ফেব্রুয়ারি থেকে দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। বিদ্রোহীরা বেনগাজি ও ত্রিপোলির পশ্চিমের শহর জাবিয়াহসহ বেশ কিছু এলাকা দখল করে নিয়েছে। গাদ্দাফির অনুগত সেনাদের সঙ্গে বিরোধীদের সংঘর্ষে এ পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। সূত্র: এএফপি, বিবিসি, নিউইয়র্ক টাইমস, রয়টার্স।