যথাযথ অগ্নিনিরাপত্তাব্যবস্থা না থাকায় তাজরীন ফ্যাশনসের ফায়ার লাইসেন্স নবায়ন করেনি ফায়ার সার্ভিস। গত ৩০ জুন তাজরীনের ফায়ার লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যায়।ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক জহুরুল আমিন প্রথম আলোকে এ কথা জানান।জহুরুল আমিন বলেন, গত ৩০ জুন ফায়ার লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তাজরীন ফ্যাশনসের কর্মকর্তারা ফায়ার সার্ভিস দপ্তরে লাইসেন্স নবায়নের জন্য এসেছিলেন। এরপর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা কারখানাটি সরেজমিন পরিদর্শন করেন। তাঁরা সেখানে অগ্নিনিরাপত্তার পর্যাপ্ত উপকরণ পাননি। তখন কারখানা কর্তৃপক্ষকে তাদের অগ্নিনিরাপত্তার ত্রুটিগুলো জানিয়ে সেগুলো সমাধান করে লাইসেন্সের জন্য আবেদন করতে বলা হয়।উপপরিচালক বলেন, অগ্নিকাণ্ডের শিকার হওয়া তাজরীনের কারখানার ভেতরে পর্যাপ্ত এক্সটিংগুইশার (নির্বাপক যন্ত্র) ও আগুন নেভানোর জন্য পানির পাইপ ছিল। কিন্তু কারখানার জরুরি নির্গমন পথগুলো যথাযথ ছিল না। জরুরি নির্গমন পথ হিসেবে যে সিঁড়িগুলো দেখানো হয়, তার সবই কারখানার ভেতর দিকে ছিল। এ ছাড়া কারখানার ভেতরে পর্যাপ্তসংখ্যক ধোঁয়া শনাক্তকরণ যন্ত্র ছিল না।ফায়ার লাইসেন্সের মেয়াদ থাকে এক বছর। প্রতিবছর পরিদর্শনের পর লাইসেন্স নবায়নের নিয়ম। ফায়ার সার্ভিস সূত্র জানায়, তাজরীন ফ্যাশনস প্রতিষ্ঠার সময় কারখানা ভবনটি তিনতলায় ছিল। তখন এটি ফায়ার লাইসেন্স নিয়েছিল। এরপর ভবনটি আটতলা করা হলেও সে অনুপাতে নিরাপত্তাব্যবস্থা স্থাপন করা হয়নি।ফায়ার লাইসেন্স-সংক্রান্ত কাগজপত্রে দেখা যায়, ২০১০ সালের ৩১ অক্টোবর তিনতলা ভবনের (৪৮ হাজার ৭৫০ বর্গফুট) ফায়ার লাইসেন্স নেয় প্রতিষ্ঠানটি। পরের বছর প্রতিষ্ঠানটি চতুর্থ থেকে অষ্টম তলা পর্যন্ত (৮০ হাজার ৭২৫ বর্গফুট জায়গা) বর্ধিতাংশকে লাইসেন্সের আওতায় আনার আবেদন করে। ফায়ার সার্ভিস আবেদন মঞ্জুর করে এবং এর লাইসেন্সের মেয়াদ ৩০ জুন ২০১২ পর্যন্ত নবায়ন করে। এরপর চলতি বছরের ৪ জুলাই প্রতিষ্ঠানটি লাইসেন্স নবায়নের জন্য সাত হাজার ৬০০ টাকা ব্যাংক চালান করলেও ফায়ার সার্ভিস থেকে লাইসেন্স নবায়ন করা হয়নি।