শর্ত পূরণ না করেও বিপুল কমিশন পাচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি প্রতিষ্ঠানের মাত্র ১৫-২০ জন কর্মী রেলের অনলাইন টিকিট বিক্রির কার্যক্রম ‘তদারক’ করেন। অন্তত ১২টি শর্ত মানার কথা থাকলেও এ পর্যন্ত নিযুক্ত প্রতিষ্ঠানগুলো তা ঠিকমতো করেনি বলে অভিযোগ রয়েছে। এ প্রেক্ষাপটে আগামী পাঁচ বছরের জন্য নতুন করে প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া চলছে। আর প্রদত্ত শর্তের কারণে আগের ‘ব্যর্থ’ প্রতিষ্ঠানগুলোই সুযোগ পাবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।অনলাইন টিকিট বিক্রি কার্যক্রম তদারক করার জন্য সরকার গত ১৮ বছরে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে প্রায় ৫২ কোটি টাকা কমিশন দিয়েছে।প্রথম থেকে এ পর্যন্ত রেলের টিকিট বিক্রির কার্যক্রম ‘কম্পিউটারাইজড’ করার কাজ পায় তিনটি প্রতিষ্ঠান—কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম (সিএনএস), টেকনো হ্যাভেন ও ডেফোডিলস। অভিযোগ রয়েছে, ঠিকমতো কমিশন নিলেও রেলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার শর্ত পালন করেনি কেউই। প্রশিক্ষণ পেলে রেলের কর্মীরাই এই কাজ করতে পারতেন। এ ছাড়া প্রতিষ্ঠানগুলোর দেওয়া অনলাইন সেবার সীমাবদ্ধতাও রয়েছে। যেমন, এত দিনেও এক স্থানের টিকিট অন্য স্থান থেকে কাটার মতো জরুরি ব্যবস্থাটি চালু হয়নি।অভিযোগ রয়েছে, বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে ঊর্ধ্বতন রেল কর্মকর্তাদের যোগসাজশ এবং ‘কমিশন-বাণিজ্যের’ কারণে বেসরকারি প্রতিষ্ঠানগুলো ঠিকমতো শর্ত পালন না করেও কমিশন পেয়ে যাচ্ছে। বেসরকারি প্রতিষ্ঠান যে কাজ ১৫-২০ জন লোক দিয়ে করাচ্ছে, প্রায় ২০ হাজার জনবল থাকলেও রেলওয়ে নিজে তা করার উদ্যোগ নিতে পারছে না।আগামী পাঁচ বছর টিকিট বিক্রি কার্যক্রম তদারকির জন্য প্রতিষ্ঠান নিয়োগ দেওয়ার লক্ষ্যে এখন দরপত্র মূল্যায়ন প্রক্রিয়া চলছে। রেলের বেশ কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, নতুন দরপত্রের শর্তগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে অতীতে কাজ করা কোম্পানিগুলোর বাইরে কেউ আসতে পারবে না। দেশে কম্পিউটারের মাধ্যমে ট্রেনের টিকিট বিক্রির কার্যক্রম শুরু হয় ১৯৯৪ সালের মার্চে। তখন থেকে ২০০১ সাল পর্যন্ত টেকনো হ্যাভেন এই কাজ করে কমিশন পেয়েছে প্রায় ২২ কোটি ৫৮ লাখ টাকা। ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত পাঁচ বছরে সিএনএস-ডেফোডিলস আয় করেছে ১২ কোটি টাকা। আর ২০০৭ থেকে ২০১২ পর্যন্ত সিএনএস নিয়েছে ১৭ কোটি ১১ লাখ টাকা। জানতে চাইলে সাবেক রেল ও যোগাযোগমন্ত্রী (বর্তমানে শুধু যোগাযোগমন্ত্রী) ওবায়দুল কাদের কয়েক দিন আগে প্রথম আলোকে বলেন, ‘টিকিট বিক্রির কার্যক্রমে নানা অনিয়ম-দুর্নীতি আছে। রেলে একটা দুষ্ট চক্র গড়ে উঠেছে। এই দুষ্ট চক্র ভাঙার চেষ্টা করছি আমি। এখনো পুরোপুরি ভাঙতে পারিনি।’নথিপত্র থেকে জানা যায়, ১৯৯৪ সালে টেকনো হ্যাভেনের সঙ্গে কম্পিউটারের মাধ্যমে টিকিট বিক্রি, প্রয়োজনীয় অবকাঠামো স্থাপন এবং যন্ত্রপাতি ক্রয়ের বিষয়ে চুক্তি হয়। পাঁচ বছর পর সব প্রযুক্তি, অবকাঠামো এবং যন্ত্রপাতি রেলের কাছে হস্তান্তর এবং রেলের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ দিয়ে এই প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করার শর্ত ছিল। কিন্তু টেকনো হ্যাভেন যন্ত্রপাতি হস্তান্তর করলেও রেলের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ দেয়নি। এরপর এই কাজের জন্য একই শর্তে সিএনএস-ডেফোডিলসকে (যৌথভাবে) নিয়োগ দেয় রেল। সর্বশেষ ২০০৭ সালে নিয়োগ পায় সিএনএস। এদের কেউই শর্ত পূরণ করেনি বলে অভিযোগ। সিএনএসের সঙ্গে চুক্তির মেয়াদ তিন মাস বাড়ানো হয়েছে। মেয়াদ গত মে মাসে শেষ হলেও নির্ধারিত সময়ে নতুন দরপত্র কার্যক্রম সম্পন্ন না হওয়ায় তা বাড়ানো হয়। অভিযোগ রয়েছে, রেলের কোনো কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা বেসরকারি ওই প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ‘মাসোহারা’ পান। কেউ কেউ অবসরে যাওয়ার পর ওই তিন প্রতিষ্ঠানে চাকরি নিয়েছেন। সে জন্যই শর্ত না মানার পরও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। রেলওয়ে সূত্র জানায়, সর্বশেষ দরপত্রে চারটি প্রতিষ্ঠানকে চূড়ান্ত দরপত্রে অংশ নেওয়ার জন্য নির্বাচন করা হয়েছে। এই প্রতিষ্ঠানগুলো হচ্ছে: টেকনো হ্যাভেন, সিএনএস, ডেফোডিলস-ডিডিসি (যৌথ) এবং চীনের হোবাই টেকনোলজি। অর্থাৎ নতুন করে দরপত্রে অংশ নেওয়া তিনটি প্রতিষ্ঠানই আগে কাজ করেছে। শর্ত না মানার অভিযোগ প্রসঙ্গে টেকনো হ্যাভেনের জ্যেষ্ঠ ব্যবস্থাপক রুহুল আমিন প্রথম আলোকে বলেন, তাঁদের সময় প্রযুক্তি ‘এতটা আধুনিক’ ছিল না। সে জন্য সবগুলো শর্ত পূরণ করা সম্ভব হয়নি। তিনি দাবি করেন, তাঁরা রেলের কর্মকর্তা-কর্মচারী সব পর্যায়েই ভালোভাবেই প্রশিক্ষণ দিয়েছিলেন। রেল কর্তৃপক্ষ প্রযুক্তিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারেনি বলে তা কাজে লাগাতে পারেনি। সিএনএসের পরিচালক ইকরাম ইকবাল প্রথম আলোর কাছে দাবি করেন, রেলের কর্মকর্তাদের ‘স্বল্পকালীন প্রশিক্ষণ’ দেওয়া হয়েছে। রেল কর্তৃপক্ষ অপটিক্যাল ফাইবারের সুযোগ দিতে পারেনি বলে কিছু শর্ত পালন করা হয়নি। রেলের কর্মকর্তাদের অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘এই কাজে অনেক বিভাগ জড়িত। ম্যানেজ করতে হলে তো অনেককে করতে হবে। এটা আসলে সম্ভব নয়।’ডেফোডিল যখন টিকিট বিক্রির কার্যক্রম চালাত, তখন প্রতিষ্ঠানটির সফটওয়্যার প্রকল্পের পরিচালক ছিলেন ইসহাক মিজি। তিনি এখন ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন সহকারী রেজিস্ট্রার। তিনিও বলেন, রেলের কর্মকর্তাদের স্বল্পকালীন প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। ইসহাক মিজির দাবি, ‘সেটা তাঁরা ধরে রাখতে পারেননি।’ টিকিট বিক্রি ও কমিশন: এখন ৬২টি স্টেশনে অনলাইনে টিকিট বিক্রি করা হয়। রেলের বেতনভুক্ত বুকিং ক্লার্করাই টিকিট বিক্রি করে থাকেন। সিএনএস শুধু প্রযুক্তির ব্যাপারটি তদারক এবং টিকিট মুদ্রণ ও এর আনুষঙ্গিক উপকরণ সরবরাহ করে। আগের কোম্পানিগুলোও একই কাজ করেছে।প্রতিটি টিকিট বিক্রির জন্য সিএনএস পাচ্ছে দুই টাকা ৩৭ পয়সা। একসঙ্গে চারটি টিকিট বিক্রি হলে বাড়তি প্রতি টিকিটের জন্য পায় দুই টাকা ১০ পয়সা। টেকনো হ্যাভেনকে প্রতিটি টিকিট বাবদ পাঁচ টাকা করে কমিশন দেওয়া হতো।যেসব শর্ত ছিল: টিকিট বিক্রি কার্যক্রম তদারকির পাশাপাশি অন্তত ১২টি শর্ত পূরণ করার কথা ছিল বেসরকারি প্রতিষ্ঠানগুলোর। শর্তগুলোর মধ্যে রয়েছে: টিকিট বিক্রির অর্থের হিসাব অনলাইনে দেখার জন্য রেল ভবনসহ কয়েকটি গুরুত্বপূর্ণ কার্যালয়ে যন্ত্রপাতি স্থাপন, একটি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক গড়ে তোলা, কমলাপুরসহ ৫৩টি স্টেশন থেকে অন্য স্টেশনের টিকিট অগ্রিম বিক্রির ব্যবস্থা চালু করা, রেলের কেন্দ্রীয় সার্ভার বসানো, বিদ্যমান ওয়েবসাইটটি যুগোপযোগী করা, টিকিট বিক্রি কার্যক্রমের সফটওয়্যারের উন্নয়ন ইত্যাদি।রেলের মহাপরিচালক আবু তাহের প্রথম আলোকে বলেন, অপারেটররা স্বল্পমেয়াদি প্রশিক্ষণ দিয়েছে। রেলে তথ্যপ্রযুক্তি জানা লোকের অভাব থাকায় এখন পর্যন্ত নিজেরা এ কাজ করা যাচ্ছে না। শর্ত পালনের বিষয়ে মহাপরিচালক বলেন, তিনি দেড় বছর ধরে বর্তমান পদে রয়েছেন। ভবিষ্যতে শর্ত পালন এবং তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন জনবল সৃষ্টি ও প্রশিক্ষণ নিশ্চিত করা হবে।