শর্ত পূরণ না হলে অর্থ দেবে না বিশ্বব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু প্রকল্পের সব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত দাতা সংস্থা হিসেবে বিশ্বব্যাংক অর্থায়নের বিষয়টি বিবেচনা করতে পারে না। একই সঙ্গে এ বিষয়ে চলমান ফৌজদারি তদন্ত পূর্ণাঙ্গ ও সুষ্ঠু হওয়ার নিশ্চয়তাও থাকতে হবে।বিশ্বব্যাকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম গত বুধবার (স্থানীয় সময়) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক অনুষ্ঠানে এ কথা বলেন। পদ্মা সেতু পকল্প সম্পর্কে তিনি আরও বলেন, ‘আইনি ও অন্য সব ব্যবস্থা নিজস্ব গতিতে চলবে, এতে বাধা দেওয়ার কোনো ইচ্ছা আমার নেই।’সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ আয়োজিত অনুষ্ঠানে বিশ্বব্যাংক-প্রধানের বক্তব্যের শিরোনাম ছিল ‘বৈশ্বিক পরিবেশে দুর্নীতিবিরোধী প্রয়াস: কাজের প্রতিশ্রুতি’। বক্তব্যের একাংশে তিনি বাংলাদেশের পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগের প্রসঙ্গটি উত্থাপন করেন। তাঁর ওই বক্তব্য বিশ্বব্যাংকের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বলেন, ‘আমি জানি, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনগণ ও অর্থনীতির জন্য এই সেতু কী পরিমাণ গুরুত্বপূর্ণ। এটি এখনো এই অঞ্চলের জনগণের সম্ভাবনার সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত।’ জিম ইয়ং কিম বলেন, যখন কোনো অনিয়ম হয়, তখনই বিশ্বব্যাংকের শক্ত অবস্থান নেওয়ার প্রয়োজন হয়। পদ্মা সেতু প্রকল্পে কী হয়েছিল? দুর্নীতির প্রমাণ দেওয়ার পর কর্তৃপক্ষের (বাংলাদেশ) পর্যাপ্ত সাড়া না পাওয়ায় গত বছরের জুন মাসে ১২০ কোটি ডলারের ঋণ বাতিল করতে হয়েছে।তবে বিশ্বব্যাংকের প্রধান বলেন, বাংলাদেশে বিশ্বব্যাংকের কার্যক্রম অব্যাহত থাকবে। বর্তমানে ৩০টির বেশি প্রকল্পে ৪৩০ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে। তিনি বলেন, ‘দুর্নীতির বিষয়ে আমাদের কম সহনীয় অবস্থানের অর্থ এই নয় যে বৃহত্তর উন্নয়নকে উপেক্ষা করা হবে।’একটি হিসাব দিয়ে জিম ইয়ং কিম জানান, উন্নয়নশীল দেশগুলো থেকে প্রতিবছর দুই হাজার থেকে চার হাজার কোটি ডলার পাচার হয়ে যায়। তিনি বলেন, দুর্নীতি করে দরিদ্র লোকের অর্থ নিয়ে যায় ধনীরা। এতে ব্যবসায় খরচ বাড়ে, সরকারি ব্যয় বিঘ্নিত হয় আর বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত হয়। দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ এনে গত বছরের জুন মাসে বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পের ঋণচুক্তি বাতিল করে। পরে সরকারের সঙ্গে আলোচনার পর গত সেপ্টেম্বর মাসে আবার ফিরে আসার নীতিগত সিদ্ধান্ত নেয় বিশ্বব্যাংক। তখন শর্ত দেওয়া হয়, তদন্তে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) সহায়তা করতে বিশেষজ্ঞ দল পাঠাবে বিশ্বব্যাংক। সেই স্বাধীন দলটির পর্যবেক্ষণ প্রতিবেদন বিশ্লেষণ করে অর্থায়নের বিষয়ে সিদ্ধান্ত নেবে বিশ্বব্যাংক। ইতিমধ্যে পর্যবেক্ষণ দলটি দুবার বাংলাদেশ ঘুরে গেছে। দুদক পদ্মা-দুর্নীতি নিয়ে মামলা করেছে। কিন্তু প্রাথমিক তদন্ত প্রতিবেদন থেকে (এফআইআর) মূল অভিযোগের আঙুল যার দিকে, সেই সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের নাম বাদ দেওয়া হয়েছে। সর্বশেষ পর্যবেক্ষণ দলটি আবুল হোসেনকে বাদ দেওয়াসহ দুদকের কাছে আটটি প্রশ্নের জবাব চেয়েছে।এমন প্রেক্ষাপটে কয়েক দিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩১ জানুয়ারির (গতকাল) মধ্যে বিশ্বব্যাংক সিদ্ধান্ত না জানালে বাংলাদেশ নিজেদের মতো করে সিদ্ধান্ত নেবে বলে জানান। আবার গত বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাংকের সঙ্গে রফা চলছে। এদিকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সম্প্রতি সাংবাদিকদের জানান, পদ্মার বিষয়ে তিনি বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি কথা বলার জন্য সাক্ষাৎ চেয়েছেন।