শর্ত পূরণ হলেই বিএনপি সংসদে যোগ দেবে: জয়নাল আবদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিরোধী দল বিএনপির চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক জানিয়েছেন, বিএনপি আসন্ন অধিবেশনে যোগ দিয়ে সংসদকে কার্যকর করতে চায়। তবে সরকার তাঁদের দেওয়া শর্ত মানলেই দল সংসদে ফিরবে। আজ শুক্রবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। বিএনপির দেওয়া নতুন শর্তগুলোর মধ্যে রয়েছে—বিডিআর বিদ্রোহের বিচার, টিপাইমুখ বাঁধের বিরোধিতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, পানি-বিদ্যুত্-গ্যাস নিয়ে মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনা, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বাসভবন নিয়ে সমস্যার সমাধান, কোকোর প্যারোল বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার, আটক বিরোধীদলীয় নেতাদের মুক্তি, মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের বিচারের বিরোধিতায় বিএনপিকে জড়ানোর ষড়যন্ত্র প্রত্যাহার, বিগত তত্ত্বাবধায়ক ও বর্তমান সরকারের আমলে বিরোধীদলীয় নেতাদের নামে মামলা প্রত্যাহারসহ আর কিছু শর্ত।আগামী সোমবার সংসদের শরত্কালীন অধিবেশন শুরু হবে। এর আগে গতকাল বৃহস্পতিবার সরকারি ও বিরোধী দলের দুই চিফ হুইপের বৈঠক হলেও অচলাবস্থা ভাঙার কোনো লক্ষণ দেখা যায়নি।তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী গতকাল সংবাদ সম্মেলনে সংসদের আগামী অধিবেশনে বিরোধী দলের ফেরার ইঙ্গিত দেন। সংসদের শরত্কালীন অধিবেশন চলবে ৫ অক্টোবর পর্যন্ত। এটি হবে নবম জাতীয় সংসদের সংক্ষিপ্ততম অধিবেশন। ৩৪৫ আসনের বর্তমান সংসদে বিএনপির সদস্য সংখ্যা ৩৫।