শর্ত ভঙ্গ, কোকোর প্যারোল বাতিল, দেশে ফিরতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের দেওয়া শর্ত ভঙ্গ এবং ভুয়া চিকিত্সা সনদের কারণে আরাফাত রহমান কোকোর প্যারোলে মুক্তি বাতিল করেছে সরকার। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে কোকোকে ৩১ আগস্টের মধ্যে দেশে ফিরে এসে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দুই বছরের অধিক সময় প্যারোলে থাকার পর এ আদেশ বাতিল করা হলো।গতকাল বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-২ শাখা থেকে প্যারোল বাতিলের নির্দেশ জারি করা হয় বলে কারা-২ শাখার উপসচিব কায়কোবাদ প্রথম আলোকে নিশ্চিত করেছেন। জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন প্রথম আলোকে বলেন, কোকোকে কিছু শর্ত দিয়ে চিকিত্সার জন্য সাময়িক মুক্তি দেওয়া হয়েছিল। কিন্তু তিনি শর্ত ভঙ্গ করেছেন, চিকিত্সাধীন থাকা অবস্থায় থাইল্যান্ড দূতাবাসের সঙ্গে কোনো যোগাযোগ করেননি। এ ছাড়া তিনি কোথায় অবস্থান করছেন, তাও জানাননি। যে কারণে তাঁর সাময়িক মুক্তির আদেশ বাতিল করেছে সরকার। জানা গেছে, গত ১৪ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় থাই দূতাবাসের কাছে চিঠি পাঠিয়ে জানতে চায়, কোকোকে যেসব শর্ত দিয়ে মুক্তি দেওয়া হয়েছে, তা তিনি মানছেন কি না। পরে ১৬ আগস্ট থাই দূতাবাসের মিনিস্টার (কনস্যুলার) সাহেদুল হক ফ্যাক্সযোগে স্বরাষ্ট্রসচিবের কাছে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন পাঠান।জানতে চাইলে ব্যাংককে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমাদের কাছে কোকোর বিষয়ে জানতে চেয়ে মন্ত্রণালয় চিঠি পাঠায়। পরে আমরা এ-সংক্রান্ত একটি প্রতিবেদন পাঠিয়েছি।’ তিনি বলেন, কোকোকে ছয়টি শর্ত দিয়ে সাময়িক মুক্তি দেওয়া হয়েছিল। এর মধ্যে পাঁচ নম্বর শর্ত ভঙ্গ করেছেন তিনি। শর্তে বলা ছিল, কোকো থাইল্যান্ডে থেকে যেখানে চিকিত্সা নেবেন, সেখানে তাঁর সঙ্গে যে বা যাঁরা থাকবেন, বাংলাদেশ মিশনকে তা জানাতে হবে।মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, কোকো কখনো হাসপাতালে ভর্তি হননি। এ ছাড়া কোকোর আইনজীবী মাহবুবউদ্দিন তাঁর মুক্তির সময়সীমা বৃদ্ধির জন্য যে চিকিত্সা সনদ দেখিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন, তাও গত নভেম্বরের। প্রতিবেদনে বলা হয়, ২০০৮ সালের ৯ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা শাখা থেকে সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনকে একটি চিঠি দেওয়া হয়। চিঠিতে বলা হয়, কোকো চিকিত্সার জন্য ব্যাংকক থেকে সিঙ্গাপুর গেছেন। পরে দুর্নীতি দমন কমিশনের এক চিঠির মাধ্যমে তাঁরা জানতে পারেন, কোকো ব্যাংককের প্রানাম কাও হাসপাতালে চিকিত্সা নিচ্ছেন।এরপর থাইল্যান্ডের বাংলাদেশ দূতাবাস হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে। হাসপাতাল থেকে জানানো হয়, কোকো তাঁর প্রয়োজন অনুযায়ী হাসপাতালে এসে চিকিত্সা নেন, আবার চলে যান। হাসপাতালে ভর্তি হননি। তাঁর কোনো যোগাযোগের ঠিকানা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে নেই।তবে গত ৮ মার্চ কোকো থাইল্যান্ডের বাংলাদেশ দূতাবাসে পাওয়ার অব অ্যাটর্নি সত্যায়নের জন্য যান। ওই সময়ও দূতাবাস তাঁর অবস্থান জানতে চায়। কিন্তু কোকো দূতাবাসকে কোনো তথ্য দেননি।প্রতিবেদনে আরও বলা হয়, ২০০৮ সালের ১৭ জুলাই ছয় শর্তে প্রথম পর্যায়ে দুই মাসের জন্য কোকোকে সাময়িক মুক্তি দেওয়া হয়। প্রথম আদেশে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। ওই দিনের জারি করা আদেশে বলা হয়েছিল, ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিত্সাধীন কোকোর উন্নত চিকিত্সার জন্য সরকার তাঁকে ছয় শর্তে সাময়িক মুক্তি দেয়।ছয় শর্ত: কোকো বিদেশে যেখানে চিকিত্সা নেবেন, সেখানে তিনি বা তাঁর আত্মীয় বাংলাদেশ মিশনকে সময়ে সময়ে অবহিত করবেন; রাজনৈতিক ও ব্যবসায়িক কাজে জড়িত হতে পারবেন না; সংগত বিষয় ছাড়া অন্য কোনো কারণে কোনো ব্যক্তি বা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন না; সাময়িক মুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে চিকিত্সা শেষ হলে সরকারকে অবহিত করবেন এবং দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন।মামলা: আরাফাত রহমান কোকোর সিঙ্গাপুরে ব্যাংক হিসাবে জমা থাকা তিন মিলিয়ন ডলার (প্রায় ২১ কোটি টাকা) বাজেয়াপ্ত করে তা যুক্তরাষ্ট্রে নেওয়ার জন্য সে দেশের ফৌজদারি আদালতে মামলা হয়েছে। গত বছরের ৮ জানুয়ারি ওয়াশিংটন ডিসির ডিস্ট্রিক্ট কোর্টে মামলাটি করেন ফৌজদারি বিভাগের ভারপ্রাপ্ত সহকারী অ্যাটর্নি জেনারেল মেথিউ ফ্রেডরিক।এর আগে সিঙ্গাপুর সরকার সে দেশের একটি ব্যাংকে জমা কোকোর ১১ কোটি ৬৬ লাখ টাকা জব্দ করেছে। যার বিস্তারিত সিঙ্গাপুর সরকার বাংলাদেশকে জানিয়েছে।কোকোর ২১ কোটি টাকা বাজেয়াপ্ত করতে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা সম্পর্কে মার্কিন ডিপার্টমেন্ট অব জাস্টিজ গত বছরের ৯ জানুয়ারি সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছিল, সিমেন্স এজি এবং চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানিকে বাংলাদেশ সরকারের বিভিন্ন কাজ (২০০১ সালের মে থেকে ২০০৬ সালের আগস্ট পর্যন্ত) পাইয়ে দেওয়ার বিনিময়ে এই ঘুষ লেনদেন হয়েছে। চট্টগ্রাম সমুদ্রবন্দরে কনটেইনার টার্মিনাল নির্মাণের ঠিকাদার নিযুক্তির জন্য তত্কালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে কোকো চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানির কাছ থেকে ঘুষ নেন। উল্লেখ্য, চায়না হারবার ইঞ্জিনিয়ারিং ২০০৫ সালে এ কাজটি পেয়েছিল।এ ছাড়া দেশে কোকোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা রয়েছে।দুদক গত বছরের ১৭ মার্চ কোকোকে আসামি করে অর্থ পাচারের মামলা করে। দুদক তদন্ত করে গত ১২ নভেম্বর কোকো ও ইসমাইল হোসেন সায়মনের বিরুদ্ধে ২০ কোটি ৮৫ লাখ ৮৪ হাজার ৫১৮ টাকা সিঙ্গাপুরে পাচারের অভিযোগে মানি লন্ডারিং প্রতিরোধ আইন এবং দুর্নীতি প্রতিরোধ আইনে অভিযোগপত্র দেয়। সায়মন হলেন প্রয়াত নৌমন্ত্রী আকবর হোসেনের ছেলে।কোকোর বিরুদ্ধে ঢাকায় আয়কর ফাঁকির মামলাও রয়েছে।