শর্ত ভেঙে জাহাজ ভাঙা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের জাহাজভাঙা কারখানা-গুলোতে (শিপব্রেকিং ইয়ার্ড) পরিবেশ অধিদপ্তরের বেঁধে দেওয়া শর্ত ও আদালতের নির্দেশনা মানা হচ্ছে না। এসব কারখানায় এখন শুধু দুর্ঘটনা ঘটলেই পরিবেশ অধিদপ্তর তাদের জরিমানা করছে বা অন্য কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে। পরিবেশ অধিদপ্তর ছাড়াও শিল্প মন্ত্রণালয়সহ অন্য একাধিক সংস্থার তদারকির এখতিয়ার থাকলেও পর্যাপ্ত তদারকি হচ্ছে না। তাই সাধারণ কারখানার পাশাপাশি শাস্তিপ্রাপ্ত কারখানাগুলোতেও শর্ত ভেঙে আগের মতোই জাহাজভাঙার কাজ চলছে।পরিবেশ অধিদপ্তর ও শ্রম দপ্তর সূত্র এবং সরেজমিনে অনুসন্ধানে জানা গেছে, নির্দিষ্ট কতকগুলো শর্ত পূরণ করতে হবে—এমন অঙ্গীকার করার পর ৮৪টি ইয়ার্ডকে পরিবেশগত ছাড়পত্র দেওয়া হয়েছে। কিন্তু ছাড়পত্র হাতে পেয়ে বেশির ভাগ ইয়ার্ড এসব শর্ত পূরণ করেছে বলে প্রমাণ পাওয়া যায়নি। এতে পরিবেশদূষণের পাশাপাশি প্রায়ই দুর্ঘটনাজনিত প্রাণহানির ঘটনা ঘটছে।যে শর্তগুলো মানার কথা: পরিবেশ সংরক্ষণ আইন, শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, জাহাজভাঙা ও বিপজ্জনক বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০১০সহ বিভিন্ন আইনের আলোকে পরিবেশ অধিদপ্তর ৬২টি শর্ত নির্ধারণ করেছে।উল্লেখযোগ্য শর্তগুলো হচ্ছে: কোনোভাবেই পরিবেশ (মাটি, পানি, বায়ু ও শব্দ) দূষণ করা যাবে না, পরিবেশ অধিদপ্তরের অনাপত্তিপত্র ছাড়া ইয়ার্ডে কোনো জাহাজ ভাঙা বা রাখা যাবে না, যে জাহাজটি ভাঙা হবে, সেটি বেশি ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে শ্রমিকদের যাওয়া-আসার ব্যবস্থা নিরাপদ করতে হবে, ইয়ার্ডের মধ্যে জাহাজ থেকে পাওয়া স্ল্যাজ অয়েল সুরক্ষিত স্টোরেজ ট্যাংকে রাখা, অ্যাজবেস্টস (বিষাক্ত বর্জ্যবিশেষ) সংরক্ষণ করা, গ্লাসউল সংরক্ষণ করা, ইয়ার্ডে জাহাজ ভাঙার কাজে নিয়োজিত শ্রমিকদের জাহাজে ওঠানামার জন্য ডেডিকেটেড ক্রেন থাকা, ইয়ার্ডে কর্মরত শ্রমিকদের সেফটি ইক্যুইপমেন্ট থাকা, শ্রমিক ব্যবস্থাপনায় শ্রম অধিদপ্তর ও গ্যাস ফ্রি করার জন্য বিস্ফোরক অধিদপ্তরের সম্মতিপত্র থাকা ইত্যাদি।শাস্তি: শর্ত লঙ্ঘনের অভিযোগে গত তিন মাসে পরিবেশ অধিদপ্তর অন্তত ১৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। তবে এসব শাস্তিমূলক ব্যবস্থার বেশির ভাগই নেওয়া হয়েছে ওই সব ইয়ার্ডে দুর্ঘটনা ঘটার পর।পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. জাফর আলম প্রথম আলোকে বলেন, ‘কিছু কিছু ইয়ার্ড শর্ত লঙ্ঘন করছে। আমরা তাদের বিরুদ্ধে নানা শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছি। জনবলসংকটের কারণে আমাদের প্রতিটি ইয়ার্ডে প্রতিদিন যাওয়া সম্ভব নয়।’শ্রম মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইস্রাফিল আলম প্রথম আলোকে বলেছেন, ‘পর্যাপ্ত মনিটরিংয়ের অভাবে কিছু কিছু ইয়ার্ড নীতিমালা ও শর্তগুলোর বরখেলাপ করছে, যার কারণে দুর্ঘটনা ঘটছে। কিছু কিছু প্রতিষ্ঠান শ্রমিক সুরক্ষার বিষয়টি গুরুত্ব দিচ্ছে না। আমরা বিভিন্ন ইয়ার্ড পরিদর্শন করে এর প্রমাণ পেয়েছি। কোনোটিতে শ্রমিকদের সুরক্ষার পোশাক নেই, কোনোটি ছাড়পত্র ছাড়া জাহাজ কাটছে, আবার কোনোটি পরিবেশের ক্ষতি করছে।’জানা গেছে, শাস্তি হিসেবে যেসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে, পর্যাপ্ত তদারকি না থাকায় সেগুলোর বেশির ভাগই আগের মতো নিয়মকানুন লঙ্ঘন করে যাচ্ছে।শর্ত লঙ্ঘন চলছেই: সর্বশেষ গত সোমবার মাদামবিবির হাটের জাহানাবাদ ইয়ার্ডে জাহাজ থেকে পড়ে নিহত হওয়া শ্রমিকের মাথায় হেলমেট ও গায়ে সুরক্ষার পোশাক ছিল না বলে নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) খাদেমুল ইসলাম।সীতাকুণ্ডের জোড়ামতল এলাকায় গত সোমবার এসএল স্টিল নামের একটি শিপব্রেকিং ইয়ার্ডে গিয়ে দেখা যায়, গোল্ডেন হাক্স নামের একটি পুরোনো জাহাজ বেড়িবাঁধের সঙ্গে লাগিয়ে ভেড়ানো রয়েছে। পাশে বাঁধের ওপর রেখেই অপর একটি পুরোনো জাহাজ কাটা হচ্ছে। বাঁধের ওপর লোহার বড় বড় খণ্ড ছড়িয়ে-ছিটিয়ে থাকায় সাধারণ লোকজনের চলাচল সম্পূর্ণ বন্ধ। উত্তর-দক্ষিণে আড়াআড়িভাবে দুটি ফটক লাগিয়ে দেওয়া হয়েছে।অনুমতি ছাড়া সেখানে সাধারণের ভেতরে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। ফটকে দাঁড়ানো নিরাপত্তারক্ষীর কাছে থাকা খাতায় নাম-ঠিকানা লিখে ব্যবস্থাপকের সঙ্গে এই প্রতিবেদকের দেখা করার অনুমতি মেলে। ঢুকতেই চোখে পড়ে সাইনবোর্ডে বড় করে লেখা, ‘হেলমেট ও গামবুট ছাড়া ইয়ার্ডে প্রবেশ নিষেধ’। অথচ আশপাশে কর্মরত শ্রমিকদের অনেকের পায়ে গামবুট ও মাথায় হেলমেট ছিল না। গোল্ডেন হাক্স জাহাজের ওপর তলায় সাত-আটজন কর্মরত শ্রমিকের কারও গায়ে সুরক্ষার পোশাক বা মাথায় হেলমেট দেখা যায়নি।এস এল স্টিলের ব্যবস্থাপক মো. হামিদুল বারীর কাছে ছবি তোলা এবং ঘুরে দেখার অনুমতি চাইতেই তিনি সরাসরি নিষেধ করে দেন। বেড়িবাঁধের ওপর কেন কাজ করা হচ্ছে, জানতে চাইলে তিনি বলেন, বেড়িবাঁধ ইয়ার্ড মালিকদের কেনা। তাই সেখানে তাঁরা কাজ করছেন। একইভাবে দেখা যায়, পাশের জোড়ামতলের এসআরএস স্টিল বেড়িবাঁধের ওপর আড়াআড়িভাবে বাঁশ বেঁধে চলাফেরার পথ বন্ধ করে দিয়েছে। বাঁধের ওপর চলছে জাহাজভাঙা। প্রাইম স্টিল নামের একটি প্রতিষ্ঠান বেড়িবাধ ঘেঁষে একটি দ্বিতল ভবন বানাচ্ছে, যা ইয়ার্ডের কার্যালয় হিসেবে ব্যবহূত হবে।অন্যদিকে শীতলপুরের যমুনা শিপ ব্রেকার্স ও তাহের অ্যান্ড কোম্পানির দুটি ইয়ার্ডে গিয়েও সেখানে সুরক্ষা পোশাক ছাড়া শ্রমিকদের জাহাজ কাটতে দেখা গেছে।বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হেফাজেতুর রহমান বলেন, ‘শর্ত ও নির্দেশনা মানার জন্য আমরা বারবার প্রত্যেককে বলে আসছি। এ ছাড়া নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার নিশ্চিত করার জন্যও বলছি। এখন তারা না মানলে আমরা কী করতাম!’জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের পাশাপাশি শ্রম দপ্তর, বিস্ফোরক, এমনকি পুলিশও নিয়মতান্ত্রিকভাবে ইয়ার্ডগুলো কাজ করছে কি না, তা তদারক করতে পারে। এ প্রসঙ্গে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘বিভিন্ন দপ্তরের সহযোগিতায় জাহাজভাঙা শিল্প বেপরোয়া হয়ে উঠেছে। এখানে দুর্ঘটনা ঘটলে প্রথমেই তা কীভাবে লুকানো যায়, সেই চেষ্টা করা হয়। ফলে অবহেলাজনিত মৃত্যু ও পরিবেশদূষণের ঘটনা ঘটছেই।’অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘আগে দুর্ঘটনা ঘটলে ইয়ার্ড মালিকেরা আমাদের জানাতেন। এখন তাঁরা জানান না। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করি।’