একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত অভিযোগে গ্রেপ্তার বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের জামিন বয়স এবং স্বাস্থ্যগত দিক বিবেচনায় কয়েক দফা শর্ত সাপেক্ষে মঞ্জুর করা হয়েছে। মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গতকাল বৃহস্পতিবার এ জামিন মঞ্জুর করেন। তবে শর্ত ভঙ্গ করলে তাৎক্ষণিক জামিন বাতিল করে তাঁকে কারাগারে পাঠানো হবে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।আলীমের ছেলে ফয়সাল আলীম ও আইনজীবী তাজুল ইসলামের জিন্মায় এক লাখ টাকা মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করা হয়। ২৮ এপ্রিল তাঁকে ট্রাইব্যুনালে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।বেলা সাড়ে ১২টার দিকে ট্রাইব্যুনালের আদেশে বলা হয়, আবেদনকারীর (আবদুল আলীম) বয়স, শারীরিক অসুস্থতা ও চলাফেরা করতে না পারার বিষয়টি বিবেচনা করে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হলো। আবেদনকারীর পাসপোর্ট ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে জমা দিতে হবে। জামিনে থাকা অবস্থায় তাঁর ছেলে ফয়সাল আলীমের বনানীর বাসায় থাকতে হবে (২/১ এবং ২/বি, বাড়ি ৮১, রোড ৩, ব্লক এফ, বনানী)। ট্রাইব্যুনালের অনুমতি ছাড়া ঠিকানা পরিবর্তন করা যাবে না। আবেদনকারী সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ায় কোনো বক্তব্য দিতে পারবেন না। মানবতাবিরোধী অপরাধের বিচারের সাক্ষী ও ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং কোনো রাজনৈতিক দল ও রাজনৈতিক ব্যক্তির সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করতে পারবেন না।শর্তে আরও বলা হয়, তদন্ত সংস্থার কাজে সব ধরনের সাহায্য করতে হবে। এমনকি সাক্ষী ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সঙ্গে টেলিফোনে বা ব্যক্তির মাধ্যমেও কোনো ধরনের যোগাযোগ করতে পারবেন না। যদি তাঁর (আলীমের) কোনো মোবাইল ফোন নম্বর থাকে, তা ট্রাইব্যুনালে দিতে হবে। ট্রাইব্যুনালের ধার্য তারিখে হাজির হতে হবে। জামিনের এসব শর্ত অনুসরণ করতে হবে। শর্ত ভঙ্গ করলে তাৎক্ষণিক জামিন বাতিল করে কারাগারে পাঠানো হবে।প্রসঙ্গত, ট্রাইব্যুনাল গত ২৭ মার্চ আলীমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং ওই দিন রাতে জয়পুরহাট শহরের বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ২৮ মার্চ তাঁকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ওই দিন তাঁর পক্ষে জামিনের আবেদনের শুনানি ৩১ মার্চ পর্যন্ত মুলতবি করে এই সময় পর্যন্ত তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখার এবং তাঁকে ৩১ মার্চ ট্রাইব্যুনালে হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। ২৮ মার্চ প্রথমে তাঁকে ঢাকা কারাগার ও পরে গাজীপুর কারাগারে পাঠানো হয়।গাজীপুর কারাগারে থেকে আলীমকে গতকাল বেলা ১১টায় ট্রাইব্যুনালে আনা হয়। বেলা সোয়া ১১টার দিকে তাঁকে হুইল চেয়ারে করে এজলাসে হাজির করা হয়। তাঁকে সময়মতো হাজির করতে না পারায় শুনানির শুরুতে ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর গোলাম আরিফের উদ্দেশে বলেন, এক ঘণ্টা দেরি হলো কেন? কোথা থেকে তাঁকে আনা হয়েছে? জবাবে বলা হয়, গাজীপুর কারাগার থেকে। ট্রাইব্যুনাল বলেন, ‘আমরা তো ওখানে পাঠানোর আদেশ দেইনি। লিখিত আদেশ দেওয়া হয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর জন্য। কোন আদেশের ভিত্তিতে তাঁকে সেখানে নেওয়া হলো? অন্য কোনো কারাগারে পাঠাতে হলে ট্রাইব্যুনালের অনুমতি নিতে হবে। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়।’শুনানি: এরপর আলীমের আইনজীবী তাজুল ইসলাম জামিনের আরজি জানান। এর বিরোধিতা করে প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী বলেন, এ পর্যায়ে তাঁর জামিন আবেদন সরাসরি খারিজযোগ্য। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে, তাই তাঁকে জামিন দেওয়া যায় না। কারাগারে আটক রাখা হলে প্রয়োজনে তাঁকে সুচিকিৎসা দেওয়া হবে।তাজুল ইসলাম বলেন, ‘অভিযোগ থাকলে বিচারপূর্ব পর্যায়ে জামিন দেওয়া যাবে না, এটা ভ্রান্ত ধারণা। বয়স্ক ও অসুস্থ লোকটাকে জেলে বন্দী রেখে কী হবে? যেকোনো সময় মরে যেতে পারে।’ তবে আবেদনকারী সাক্ষীদের হুমকি বা ভয়ভীতি প্রদান এবং বিচারকাজকে প্রভাবিত করছেন কি না অথবা যে অপরাধে তাঁকে আটক করা হয়েছে সে অপরাধ পুনরায় করবেন কি না, তা বিবেচনা করতে হবে। যদি নিশ্চয়তা পাওয়া যায়, তাহলে ট্রাইব্যুনাল জামিন মঞ্জুর করতে পারেন।উভয় পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল আদেশ দেন। আদেশের পর আলীমকে কারাগারে নেওয়া হয়।আদেশের পর গোলাম আরিফ সাংবাদিকদের বলেন, ‘যথার্থভাবে তথ্য-উপাত্ত দিয়ে আমরা জামিনের বিরোধিতা করেছি। বয়স ও অসুস্থতার বিষয়টি প্রত্যেক মানুষের জীবনে আসবে। এটা বিবেচনায় নিয়ে তাঁকে জামিন দেওয়া হয়েছে।’সন্ধ্যায় আলীমের আইনজীবী তাজুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালের জামিনসংক্রান্ত আদেশ ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছে।