শর্ত সাপেক্ষে আলীমের জামিন মঞ্জুর
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার সাবেক মন্ত্রী আবদুল আলীমের শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল। তাঁর পাসপোর্ট ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে জমা দিতে বলেছেন ট্রাইব্যুনাল। জামিনে মুক্তি পেয়ে আলীমকে ২/১ এবং ২/বি, বাড়ি ৮১, রোড ৩, ব্লক এফ, বনানী—এ ঠিকানায় তাঁর ছেলে ফয়সাল আজিমের বাসায় থাকতে হবে। এ ঠিকানা পরিবর্তন করতে হলে ট্রাইব্যুনালকে জানাতে হবে এবং ট্রাইব্যুনালের অনুমতি নিতে হবে। আলীম সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ায় কোনো বক্তব্য দিতে পারবেন না। এ সময় তিনি সাক্ষী ও ক্ষতিগ্রস্ত বা রাজনৈতিক দলের কারও সঙ্গে যোগাযোগ করতে পারবেন না। তদন্ত সংস্থার কাজে তাঁকে সাহায্য করতে হবে। তাঁর যদি কোনো ফোন নম্বর থাকে, তবে তা ট্রাইব্যুনালকে জানাতে হবে। এসব শর্ত দিয়ে দুপুর সাড়ে ১২টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ জামিন মঞ্জুর করেন। বয়স, অসুস্থতা ও মানবিক দিক বিবেচনা করে ট্রাইব্যুনাল এ আদেশ দেন।আদালতের আদেশে বলা হয়, শর্ত লঙ্ঘিত হলে জনাব আলীমের জামিন বাতিল হবে এবং কারাগারে পাঠানো হবে বলে আদেশে বলা হয়। আলীমের ছেলে এবং আইনজীবীর জিম্মায় এক লাখ টাকার মুচলেকায় তাঁকে জামিন দেওয়া হয়। আজ বৃহস্পতিবার সকালে গাজীপুর কারাগারে থেকে জনাব আলীমকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। বেলা ১১টা ২০ মিনিটে তাঁকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজলাসে হাজির করা হয়।এর আগে গত সোমবার করা জামিন আবেদনের শুনানি ৩১ মার্চ পর্যন্ত মুলতবি করে তাঁকে গাজীপুর কারাগারে রাখতে নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল। এ ছাড়া তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে চিকিত্সকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। গত রোববার ট্রাইব্যুনাল জনাব আলীমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আর গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যে (যাতায়াতের সময় বাদে) তাঁকে ট্রাইব্যুনালে হাজির করতে নির্দেশ দেওয়া হয়। রোববার রাতে জয়পুরহাট শহরের সদর রোডের (সদর থানার পাশে) বাসভবন থেকে আবদুল আলীমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে প্রথমে জয়পুরহাট সদর থানায় নেওয়া হয়। এরপর রাত নয়টা ৪০ মিনিটের দিকে তাঁকে নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করা হয়। জয়পুরহাট থেকে সোমবার সকাল সাড়ে আটটার দিকে প্রিজন ভ্যানে করে তাঁকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়।