শর্ত সাপেক্ষে শিপইয়ার্ডকে ছাড়পত্র দেওয়ার সুযোগ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিপইয়ার্ডগুলোকে শর্ত সাপেক্ষে ছাড়পত্র দেওয়া থেকে বিরত থাকতে পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসানের বেঞ্চ এ-সংক্রান্ত আবেদন নিষ্পত্তি করে এ আদেশ দেন।আদালত বলেছেন, পরিবেশ আইন ১৯৯৫ ও বিধিমালা ১৯৯৭ অনুসারে শর্ত সাপেক্ষে ছাড়পত্র দেওয়ার সুযোগ নেই। কিন্তু পরিবেশ ছাড়পত্রবিষয়ক কমিটি এক সভায় পরিবেশ অধিদপ্তর শর্ত সাপেক্ষে কয়েকটি প্রতিষ্ঠানকে ছাড়পত্র দেওয়ার সুপারিশ করেছে। এ বিষয়ে উল্লিখিত শর্তগুলো পূরণের পরই কেবল অধিদপ্তর ছাড়পত্র দিতে পারে।এদিকে, জাহাজ আমদানিতে হাইকোর্টের নির্দেশনা অনুসরণ না করে অনাপত্তিপত্র দেওয়ায় বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) করা আদালত অবমাননার মামলায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর রিয়াজউদ্দিন আহমেদ একই বেঞ্চে হাজিরা দিয়েছেন। আদালত তাঁকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন। এ-সংক্রান্ত আবেদনের ওপর আগামী ২ নভেম্বর শুনানির দিন ধার্য করা হয়েছে।