শর্তসাপেক্ষে সমাবেশের অনুমতি পেল হেফাজত
রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশকে শর্তসাপেক্ষে সমাবেশ ও মাইক ব্যবহারের অনুমতি দিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশ সদর দপ্তরের উপকমিশনার মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।আগামী শনিবার বেলা ১১টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত এ অনুমতি দেওয়া হয়েছে।শর্তগুলো হলো: শাপলা চত্বর থেকে আরামবাগ হয়ে ফকিরাপুল ক্রসিং পর্যন্ত মাইক অথবা সাউন্ড বক্স ব্যবহার করা যাবে। সমাবেশের জন্য নির্ধারিত এলাকার বাইরে মাইক বা সাউন্ড বক্স ব্যবহার করা যাবে না। ফুটপাত ঘেঁষে মঞ্চ বসাতে হবে। কোনো ধরনের রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না। নির্ধারিত সময় অর্থাত্ বিকেল সাড়ে পাঁচটার মধ্যে সমাবেশ শেষ করতে হবে। নির্ধারিত সময়ের আগে বা পরে কোনো স্থানে সমবেত হওয়া যাবে না। সমাবেশের নির্ধারিত এলাকার বাইরে কোথাও যান ও জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করা যাবে না। সমাবেশ চলাকালে আইনশৃঙ্খলা-পরিপন্থী ও জনস্বার্থবিরোধী কার্যকলাপ চালানো যাবে না। সমাবেশের নিরাপত্তার জন্য পর্যাপ্ত নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে।ঢাকা মহানগর পুলিশ জনসংযোগ শাখার উপকমিশনার মাসুদুর রহমান প্রথম আলো ডটকমকে জানান, হেফাজতে ইসলামের সদস্য সচিব জুনায়েদ আল হাবিবি সমাবেশ করার অনুমতি চেয়ে গত ৩০ মার্চ পুলিশ কমিশনারের কাছে লিখিত আবেদন করেন। সংগঠনটির পক্ষ থেকে তিনটি স্থানের (মানিক মিয়া অ্যাভিনিউ, পল্টন ময়দান ও শাপলা চত্বর) যেকোনো একটি জায়গায় সমাবেশ করার অনুমতি চাওয়া হয়। পুলিশের পক্ষ থেকে শাপলা চত্বরে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়।পুলিশ কর্মকর্তারা জানান, শান্তিপূর্ণ সমাবেশ করার লক্ষ্যে আজ সন্ধ্যায় সংগঠনটির সঙ্গে বৈঠক করবে পুলিশ।