শর্তহীন সংলাপে সরকার দুই পায়ে খাড়া: তথ্যমন্ত্রী
হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচন করতে চায় কি না, সে ব্যাপারে আগে বিরোধী দলকে মনস্থির করতে হবে। নির্বাচন নিয়ে আলোচনা করতে হলে শর্তহীনভাবে আসতে হবে। তিনি বলেন, শর্তহীন সংলাপে দরজা খোলা আছে, সরকার দুই পায়ে খাড়া।আজ শুক্রবার সকালে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাংবাদিকদের ইনু এসব কথা বলেন। ওই স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।তথ্যমন্ত্রী অভিযোগ করেন, এ মুহূর্তে খালেদা জিয়া সেনাবাহিনীকে উসকানি দিয়ে গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করার কাজে ব্যস্ত। তিনি বলেন, নির্বাচন নিয়ে সংলাপের প্রস্তাব মহাজোট সরকার দুই-আড়াই বছর ধরে দিয়ে আসছে। খালেদা জিয়া নির্বাচন নিয়ে মাথা ঘামাচ্ছেন না, তিনি যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করার জন্য মাথা ঘামাচ্ছেন।জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের নেতা ইনু বলেন, রাজনীতির নামে যারা নাশকতা করে, অন্তর্ঘাত করে, ফটিকছড়ির মতো জঘন্য হত্যাকাণ্ড পরিচালিত করে, তাদের কাছ থেকে বাংলাদেশের রাজনীতিকে কীভাবে নিরাপদ করা যায়!অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা প্রশাসক বেলাল হোসেন, পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ, নারী জোটের আহ্বায়ক আফরোজা হক, ভেড়ামারা পৌরসভার মেয়র শামীমুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।