শর্তে কারাগার ত্যাগে হাজারের অস্বীকৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সমাজকর্মী ও দুর্নীতিবিরোধী আন্দোলনের নেতা আন্না হাজারেকে গতকাল মঙ্গলবার নয়াদিল্লিতে গ্রেপ্তার করা হয়েছে। পরে সরকার ছেড়ে দেওয়ার প্রস্তাব দিলে আন্না হাজারে তাতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, তাঁকে নিঃশর্তভাবে অনির্দিষ্টকালের জন্য অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার অনুমতি দিতে হবে। হাজারে ছাড়াও গতকাল অন্তত এক হাজার ৪০০ জনকে আটক করা হয়েছে।গ্রেপ্তারের পর হাজারেকে আদালতে নেওয়া হলে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তাঁকে নয়াদিল্লির তিহার জেলে পাঠানো হয়।একটি শক্তিশালী লোকপাল এবং প্রস্তাবিত দুর্নীতিবিরোধী আইন আরও কঠোর করার দাবিতে আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দেন হাজারে। গতকাল নয়াদিল্লির জয়প্রকাশ নারায়ণ পার্কে এই কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু কর্মসূচি শুরুর ঘণ্টা খানেক আগেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।নয়াদিল্লির পুলিশ জানায়, তারা তিহার জেলে আন্না হাজারের মুক্তির আদেশ পাঠিয়ে দিয়েছেন। এনডিটিভি জানায়, হাজারেকে গতকাল রাতেই ছেড়ে দেওয়ার কথা। কিন্তু হাজারের ঘনিষ্ঠ সহযোগী মনীষ সিসোদিয়া বলেছেন, হাজারে কর্তৃপক্ষকে এটা জানিয়ে দিয়েছেন যে, তাঁকে লিখিতভাবে নিঃশর্তভাবে জয়প্রকাশ নারায়ণ পার্কে অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া না হলে তিনি তিহার জেল থেকে বেরিয়ে আসবেন না। মনীষ আরও বলেন, কারাগারে অপর কর্মী অরবিন্দ কেজরিওয়াল অনশন চালিয়ে যাচ্ছেন। মনীষ সিসোদিয়াকেও গতকাল হাজারের সঙ্গে গ্রেপ্তার এবং পরে ছেড়ে দেওয়া হয়।এদিকে হাজারেকে গ্রেপ্তারের ঘটনায় বিরোধী দলের প্রতিবাদের মুখে গতকাল পার্লামেন্টের উভয় কক্ষের অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়। উদ্ভূত পরিস্থিতিতে আলোচনার জন্য কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধী দলের জ্যেষ্ঠ নেতাদের ডেকে পাঠিয়েছেন।নয়াদিল্লির পুলিশ কমিশনার বি কে গুপ্ত এক সংবাদ সম্মেলনে জানান, আন্না হাজারে ও তাঁর সমর্থকেরা ১৪৪ ধারা ভাঙবেন না—এমন একটি বন্ডে সই করার জন্য আন্না হাজারেকে বলা হয়। কিন্তু ওই বন্ডে সই দিতে অস্বীকার করায় আদালত তাঁর বিরুদ্ধে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।এর আগে সকাল সাড়ে সাতটার দিকে সাদা পোশাকের পুলিশ ৭৪ বছর বয়সী গান্ধীবাদী হাজারেকে নয়াদিল্লিতে তাঁর অ্যাপার্টমেন্ট থেকে গ্রেপ্তার করে। বিভিন্ন স্থান থেকে হাজারের ঘনিষ্ঠ কর্মী-সমর্থকসহ আরও অন্তত এক হাজার ৪০০ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে অরবিন্দ কেজরিওয়াল, বিশিষ্ট আইনজীবী শান্তিভূষণ ও ম্যাগসেসাই পুরস্কার পাওয়া কিরণ বেদি রয়েছেন। পরে শান্তিভূষণ ও কিরণ বেদিকে ছেড়ে দেওয়া হয়।হাজারেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় তাঁর বাড়ির সামনে অবস্থান নিয়ে শত শত সমর্থক বিক্ষোভ করে। তাঁর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে নয়াদিল্লিজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভ হয়েছে বেঙ্গালুরু, মুম্বাইসহ বিভিন্ন শহরে। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ নয়াদিল্লির জয়প্রকাশ পার্ক, রাজঘাট, দিল্লি গেটসহ কয়েকটি স্থানে ১৪৪ ধারা জারি করে।এর আগে গত ৫ এপ্রিল দুর্নীতি প্রতিরোধে কঠোর আইন প্রণয়নের দাবিতে নয়াদিল্লির যন্তরমন্তরে আমরণ অনশনে বসেন হাজারে। সে সময় সরকার দাবি মেনে নিলে পাঁচ দিন পর ৯ এপ্রিল তিনি অনশন ভাঙেন।ইউটিউবে এক বার্তায় হাজারে বলেন, ‘আমাদের দ্বিতীয় স্বাধীনতাসংগ্রাম শুরু হয়েছে...পরিবর্তন আনার লক্ষ্যেই এই সংগ্রাম।’ গ্রেপ্তারের পর একটি টেলিভিশন চ্যানেলে হাজারে বলেন, ‘আমাকে গ্রেপ্তার করে এই আন্দোলন বন্ধ করা যাবে না। বিশ্ববাসী জানে, এখানে কোন পর্যায় পর্যন্ত দুর্নীতি ঢুকে গেছে।’ তিনি আরও বলেন, ‘আপনারা এই আন্দোলনকে সহিংসতার দিকে নিয়ে যাবেন না। সর্বস্তরের মানুষের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, আপনারা আপনাদের জীবন থেকে আটটি দিন জাতিকে দিন...প্রয়োজনে “জেল ভরো” আন্দোলন করা হবে।’হাজারের গ্রেপ্তারের ঘটনায় গতকাল পার্লামেন্ট অধিবেশনে তুমুল হট্টগোল হয়। অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর পর্বের আগেই হাজারে প্রসঙ্গে আলোচনার জন্য নোটিশ দেয় প্রধান বিরোধী দল বিজেপি। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়, প্রশ্নোত্তর পর্বের পর এই বিষয়ে আলোচনার জন্য সময় নির্ধারিত রয়েছে। বিষয়টি নিয়ে দুই পক্ষের মতদ্বৈধতার একপর্যায়ে পার্লামেন্টের উভয় কক্ষের অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়।বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধী গতকাল দলের জ্যেষ্ঠ নেতাদের ডেকে পাঠিয়েছেন। এর অংশ হিসেবে গতকাল দুপুরে দলের জ্যেষ্ঠ নেতা ও অর্থমন্ত্রী প্রণব মুখার্জি এবং স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম তাঁর সঙ্গে দেখাও করেছেন।হাজারের গ্রেপ্তার প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব আর কে সিং বলেন, হাজারের কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কিন্তু তিনি সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করার ঘোষণা দিয়েছিলেন। তাই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। জ্যেষ্ঠ মন্ত্রী অম্বিকা সোনি বলেন, হাজারেকে গ্রেপ্তার করা অসাংবিধানিক কোনো কাজ হয়নি। কারণ, পার্লামেন্টের চলতি অধিবেশনে লোকপাল বিল (দুর্নীতিবিরোধী বিল) পাস হওয়ার কথা। এই অধিবেশন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারতেন হাজারে।হাজারেকে গ্রেপ্তারের ঘটনায় সরকারের কঠোর সমালোচনা করেছে প্রধান বিরোধী দল বিজেপি। পার্লামেন্টে প্রধান বিরোধী দলের নেতা এল কে আদভানি বলেছেন, হাজারেকে গ্রেপ্তারের খবর শুনে তিনি অবাক হননি। কারণ, সরকার যেভাবে চলছে, তাতে এটাই স্বাভাবিক। বামপন্থী কয়েকটি দলও আন্না হাজারেকে গ্রেপ্তারের সমালোচনা করেছে। তবে সিপিআই হাজারেকে অনশনে না গিয়ে পার্লামেন্টের ওপর আস্থা রাখার পরামর্শ দেয়। রয়টার্স, এএফপি, পিটিআই ও এনডিটিভি অনলাইন।