শরৎ ফনসেকার বিচার হবে সামরিক আদালতে
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত প্রার্থী ও সাবেক সেনাপ্রধান শরৎ ফনসেকার সামরিক আদালতে বিচার হবে। ফনসেকার বিরুদ্ধে অভিযোগ, তিনি সশস্ত্র বাহিনীতে দায়িত্ব পালনকালে রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং সশস্ত্র বাহিনীর ক্রয়বিধি লঙ্ঘন করেছেন।ফনসেকা বলেন, তাঁকে রাজনৈতিকভাবে হয়রানি করতে এবং এপ্রিলে অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনে তিনি যাতে অংশ নিতে না পারেন সে উদ্দেশ্যেই তাঁর বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়েছে।ফনসেকার বিচার হবে রাজধানী কলম্বোতে অবস্থিত নৌবাহিনীর সদরদপ্তরে, যেখানে এখন তিনি আটক আছেন।বিবিসির একজন প্রতিনিধি জানান, ফনসেকার চেয়ে নিচু র্যাংকের কয়েকজন সামরিক কর্মকর্তার সমন্বয়ে গঠিত একটি প্যানেল তাঁর বিচার করবে। পুরো বিচারকাজটি হবে গোপনে। এমনকি তাঁর বিরুদ্ধে যে ভাষায় অভিযোগ আনা হয়েছে, তাও জনসমক্ষে প্রকাশ করা হয়নি।দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র জানান, ফনসেকা সামরিক আদালতে নিজের আইনজীবী নিয়োগ করতে পারবেন। আর বিচারে যদি তিনি দোষী সাব্যস্ত হন, তাহলে তিনি চাইলে বেসামরিক উচ্চআদালতে আপিল করতে পারবেন। গত মাসে প্রেসিডেন্ট নির্বাচনে মাহিন্দ রাজাপক্ষের কাছে পরাজিত হওয়ার পর ফনসেকাকে গ্রেপ্তার করা হয়।শ্রীলঙ্কার সাবেক প্রধান বিচারপতি শারথ সিলভা বলেন, সামরিক আদালতে ফনসেকার বিচার করাটা হবে অসাংবিধানিক। তাঁর মতে, ফনসেকা যেহেতু এখন আর সশস্ত্র বাহিনীতে কর্মরত নন, তাই সেনা আইনে তাঁর বিচারের প্রশ্নও আসে না। তাঁর বিচার হলেও তা হওয়া উচিত বেসামরিক আদালতে।