মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মতো বড় পাবলিক পরীক্ষায় সব সময় দেখা যায়, ঢাকার সাফল্য থাকে ধরাছোঁয়ার বাইরে। ভালো ফল, পাসের হার, ভালো শিক্ষাপ্রতিষ্ঠান—সব দিক থেকেই অন্য বোর্ডগুলোর চেয়ে অনেক এগিয়ে থাকে ঢাকাসহ বিভাগীয় শহরগুলো। কিন্তু প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ওই ব্যবধান ঘুচে গেছে। শহর এমনকি দেশের প্রাণকেন্দ্র রাজধানীকে পেছনে ফেলে উঠে এসেছে বেশ কয়েকটি জেলা। এসব জেলায় ভালো করেছে মূলধারার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো।গত মঙ্গলবার প্রকাশিত ফলে দেখা যায়, জাতীয় সেরা ১০ বিদ্যালয়ের নয়টিই ঢাকায় অবস্থিত। এতে মনে হতে পারে, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায়ও ঢাকারই জয়জয়কার। কিন্তু আসল চিত্র তা নয়।ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় তুলনামূলকভাবে ঢাকার বাইরের মূলধারার সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এর শিক্ষার্থীরা ভালো করেছে।শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এর মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে, প্রাথমিক স্তরে শহর ও গ্রামের শিক্ষায় খুব একটা ব্যবধান নেই। কিন্তু নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক স্তর থেকে ‘বাণিজ্যিক কোচিং’ গ্রাম ও শহরের পার্থক্য গড়ে দেয়। তাঁরা বলছেন, কোচিং বন্ধ করে সব বিদ্যালয়ে বিশেষ যত্ন নেওয়ার ব্যবস্থা করা গেলে শিক্ষার সব স্তরেই শহর-গ্রামের পার্থক্য ঘুচে যাবে। এ বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় নয় ধরনের বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। এর মধ্যে পাসের হার এবং শতভাগ পাস বিদ্যালয়ের পরিসংখ্যানে এগিয়ে আছে পিটিআই-সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় এবং ব্র্যাক পরিচালিত বিদ্যালয়গুলো। প্রশিক্ষণ বিদ্যালয় ও ব্র্যাক পরিচালিত বিদ্যালয়ের সংখ্যা এবং বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীসংখ্যা তুলনামূলক কম।পরীক্ষণ বিদ্যালয় মোট ৫৫টি, ছাত্রসংখ্যা মাত্র এক হাজার ৭০৮। পাসের হার ৯৯ দশমিক ১৩। আর ব্র্যাক পরিচালিত বিদ্যালয়ের সংখ্যা পাঁচ হাজার ৫০। সেখান থেকে এক লাখ ৩৮ হাজার ৪৭৫ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। বাকিদের পাসের হার ৯৯ দশমিক ২৪।কিন্তু দেশের তৃণমূল পর্যায়ে থাকা মূলধারার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পরীক্ষার্থী ছিল প্রায় ১১ লাখ এবং পাসের হার প্রায় ৯৫ শতাংশ।বেসরকারি উদ্যোগে পরিচালিত বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা মূলধারার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের চেয়ে তুলনামূলক বেশি যত্ন ও সুযোগ-সুবিধা পেয়ে থাকে। অন্যদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীসংখ্যা অনেক বেশি। এ ধরনের বিদ্যালয়ে সব শ্রেণী ও পেশার অভিভাবকদের সন্তানেরা ভর্তি হয়। এমনকি সব মেধার শিশুদের ভর্তি করে এসব বিদ্যালয়। বিশ্লেষণে দেখা গেছে, জাতীয় মেধাতালিকায় ৫৬ জনের মধ্যে প্রথম স্থানসহ সর্বোচ্চ ১২ জন শিক্ষার্থী মূলধারার সরকারি বিদ্যালয়ে পড়েছে। বিভাগীয় পর্যায়ে রাজশাহী বিভাগের মেধাতালিকায় ৪৯ জনের মধ্যে ১৫ জন, খুলনায় ৩২ জনে দুজন, ঢাকায় ছয়জন, চট্টগ্রামে ২০ জনে ছয়জন, বরিশালে ২৮ জনে ১১ জন, সিলেটে ২৮ জনে নয়জন এবং রংপুর বিভাগে ৩৮ জনের মধ্যে ১৭ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। বিভাগীয় পর্যায়ে মূলধারার সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাধান্য দেখা গেছে।এদিকে জাতীয় মেধাতালিকায় ৫৭ জনের মধ্যে মাত্র ছয়জন ঢাকার শিক্ষার্থী। ঢাকা বিভাগীয় মেধাতালিকায় স্থান পাওয়া ৫৩ জনের মধ্যে মাত্র আটজন ঢাকা জেলার। বিভাগওয়ারি পাসের হার বিবেচনায় সাত বিভাগে প্রথম বরিশাল, দ্বিতীয় খুলনা, তৃতীয় চট্টগ্রাম, চতুর্থ রাজশাহী, পঞ্চম ঢাকা, ষষ্ঠ রংপুর এবং সপ্তম সিলেট। এখানেও ঢাকার প্রাধান্য নেই। বিভাগগুলোতে পরীক্ষার জন্য নিবন্ধন করেও অংশ নেয়নি, এমন শিক্ষার্থীর সংখ্যাও ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। জেলাভিত্তিক পাসের হারের ক্ষেত্রেও বেশ কয়েকটি জেলা ভালো করেছে। ৬৪ জেলায় সর্বোচ্চ পাসের হার মুন্সিগঞ্জে। এ ছাড়া অন্তত ২০টি জেলায় পাসের হার ঢাকা জেলার চেয়ে বেশি।এ ছাড়া মোট ৫০৩টি উপজেলার মধ্যে শতভাগ শিক্ষার্থী পাস করেছে চারটি উপজেলায়। এগুলো হচ্ছে: বরিশালের মেহেন্দীগঞ্জ, পটুয়াখালীর দুমকি, মাদারীপুরের শিবচর ও মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী। পঞ্চাশের ঊর্ধ্বে শিক্ষার্থী, শতভাগ উপস্থিত ও শতভাগ প্রথম বিভাগে পাস করেছে, সারা দেশে এমন শিক্ষাপ্রতিষ্ঠান ২১টি। এর মধ্যে ঢাকা শহরের বিদ্যালয় আছে মাত্র দুটি। অন্য বিদ্যালয়গুলো ময়মনসিংহ, রাজশাহী, চট্টগ্রাম, ঠাকুরগাঁও, বগুড়া, বান্দরবান, যশোর, গাইবান্ধা, রংপুর, বরিশাল, নোয়াখালী, নেত্রকোনা, নরসিংদী, মাগুরা ও দিনাজপুরে অবস্থিত।শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর মতে, গ্রাম ও শহরের অর্থনৈতিক বৈষম্যই পার্থক্য গড়ে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখে। কারণ এখনো শিক্ষাব্যবস্থা বৈষম্যমূলক। কেউ বেশি সুযোগ-সুবিধা পায়, কেউ বঞ্চিত হয়। তিনি আরও বলেন, সরকারি বিদ্যালয়গুলো ভালো করেছে, এটি ভালো লক্ষণ। কারণ অনেক সময় এ বিদ্যালয়গুলো অবহেলিত থাকে। তিনি এসব বিদ্যালয়ের প্রতি আরও মনোযোগ দেওয়ার ওপর জোর দেন। শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রাথমিক শিক্ষা সমাপনীর ফল প্রমাণ করেছে, প্রকৃত মেধা এখনো গ্রামে। এই ফল আরও প্রমাণ করেছে, প্রাথমিক স্তরে শহর ও গ্রামের মধ্যে পার্থক্য থাকে না। পার্থক্যটা শুরু হয় নিম্ন মাধ্যমিক স্তর থেকে এবং এটা গড়ে দেয় বাণিজ্যিক কোচিং। তিনি আরও বলেন, গ্রামের সরকারি বিদ্যালয়গুলোর পড়ালেখার পরিবেশ এখনো অনেক ভালো। যদি শিক্ষার্থীদের আরেকটু যত্ন নেওয়া যায়, শিক্ষকদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা বাড়ানো যায়, তাহলে প্রাথমিক স্তরে আরও শক্ত ভিত তৈরি হবে।