ভাওয়াল উদ্যান নামটি কাগজে-কলমে থাকলেও জায়গাটি ন্যাশনাল পার্ক নামেই বেশি পরিচিত। অন্তত ঢাকা থেকে বাসে চেপে এখানে আসতে হলে বাস কাউন্টারে ন্যাশনাল পার্কই বলতে হবে। গুলিস্তান, ফুলবাড়িয়া, মহাখালী, সদরঘাট কিংবা সায়েদাবাদ থেকে বিভিন্ন সার্ভিসের বাস ছেড়ে যায় গাজীপুরের উদ্দেশে। সদরঘাট থেকে আজমিরি, গুলিস্তান থেকে প্রভাতী-বনশ্রী ও ঢাকা পরিবহনের বাস সার্ভিসগুলো মহাখালী হয়ে চলে। ফলে সদরঘাট, গুলিস্তান কিংবা মহাখালী থেকে এসব বাসে ওঠা যায়। সায়েদাবাদ থেকে ছেড়ে যায় ভাওয়াল পরিবহন, গাজীপুর পরিবহন নামে বেশ কিছু বাস। আবার আজিমপুর থেকে ছেড়ে যায় একটি লোকাল বাস। এগুলোর যেকোনো একটি বাসে উঠে চালকের সহকারীকে জানাতে হবে, গন্তব্য ন্যাশনাল পার্ক। এর জন্য ভাড়া গুনতে হবে ৩৫ থেকে ৪৫ টাকা।ভাওয়াল জাতীয় উদ্যানে যাওয়ার পথেই পড়বে জয়দেবপুর চৌরাস্তা। এই চৌরাস্তা চেনার সবচেয়ে বড় উপায়—এখানে রয়েছে জাগ্রত চৌরঙ্গী নামে একটি ভাস্কর্য। চৌরাস্তা থেকে উদ্যানে যেতে পথে পড়বে অনেক পিকনিক স্পট। পথের দুই পাশে সারি সারি শাল-গজারিগাছ আর পিচঢালা রাস্তা কখন যে ফুরিয়ে যাবে, টের পাওয়া দায়। পথে পড়বে ভাওয়াল উদ্যানের প্রথম দুটি ফটক। এখানেও নামা যায়। কিন্তু উদ্যানের মূল ফটক হচ্ছে তৃতীয়টি। বাসগুলো এখানেই থামে।তৃতীয় ফটকে দুটি হাতির ভাস্কর্য স্বাগত জানায় দর্শনার্থীদের। চারপাশে বেশ কিছু নির্দেশনা রয়েছে। উদ্যানের তৃতীয় ফটকে রয়েছে মানচিত্র। ঢোকার আগে সেটা মনে মনে দেখে নেওয়া ভালো। নইলে পুরো উদ্যান হাতড়ে বেড়াতে হবে। জনপ্রতি ১০ টাকায় টিকিট কেটে ঢুকে পড়া যায় ভাওয়াল উদ্যানে। উদ্যানের ভেতর রয়েছে ১৩টি কটেজ আর ছয়টি রেস্ট হাউস। পিকনিক স্পট রয়েছে ৫১টি। পিকনিক স্পট যে কেউ ব্যবহার করতে পারে। এ জন্য আলাদা কোনো ফি দিতে হবে না। কিন্তু রেস্ট হাউস কিংবা কটেজ ব্যবহার করতে হলে মহাখালীর বন বিভাগের অফিস থেকে অনুমতি নিয়ে আসতে হবে।পুরো উদ্যানের ভেতরের অংশ ভাগ করা হয়েছে ছয়টি ফটক ও সাব-লেন দিয়ে। দ্বিতীয় ফটকের সাব-লেন ধরে হাঁটলে মিলবে মিনি চিড়িয়াখানা। এখানে দুই টাকার টিকিট নিয়ে গোটা ত্রিশেক হরিণ আর কিছু বনমোরগের দেখা মিলবে। তৃতীয় ফটকের সাব-লেনে আরও মিলবে চম্পা ও আর্কিড নামে দুটি বিশ্রামাগার। এখানে লেকের ঘাট আছে। ঘাটে নৌকাও বাঁধা রয়েছে। চাইলে এখানে পানিতে ভেসে বেড়ানো যায় অল্প টাকায়। নৌকায় ভেসে লেকের জলে ফোটা শাপলাও ছুঁয়ে দেখতে পারবেন দর্শনার্থীরা।চতুর্থ ফটকে ৪ নম্বর সাব-লেনের আকর্ষণ হলো ওয়াচ টাওয়ার। দুই টাকার টিকিট কেটে ছয় তলা ওয়াচ টাওয়ারে উঠলে উদ্যানের গাছগাছালির মাথার নাগাল পাওয়া যাবে। ওপর থেকে দেখলে মনে হবে সবুজের কার্পেট। এখানটায় একটি শিশুপার্কও রয়েছে।পুরো উদ্যানে রয়েছে শাল আর গজারির ঘন বন। পথ চলতে এসব গাছের গুঁড়িতে থাকা ফোকর দেখে থমকে দাঁড়াতে হয়। ভাগ্য ভালো থাকলে দেখা মেলে পরিবারসহ কাঠবিড়ালির। শীতের এই সময়ে উদ্যানের বিরাট আকারের পুকুরগুলোয় ফোটে শাপলার নানা প্রজাতি। আবার পুকুরের নিটোল জলে নৌকা ভাসানোও যাবে।পুরো এলাকা ঘুরে দেখার জন্য ভেতরে রয়েছে রিকশা আর রিকশা-ভ্যানের ব্যবস্থা। শ খানেক টাকায় উদ্যান ঘুরে দেখা যাবে। উদ্যানের টিকিট ইজারাদার পক্ষের একজন আবু বকর সিদ্দিক জানান, উদ্যানের ভেতরে নিরাপত্তা জনবল কম। ফলে ভেতরে ছিনতাইসহ নানা অনৈতিক কাজ ঘটে থাকে। দর্শনার্থীদের বুঝেশুনে পথচলা দরকার। উদ্যানের একদম গহিনে না যাওয়াই ভালো।