শহর মাতাতে শাহরুখ
বলিউডের ডন কিংবা কিং খান নামেই তাঁকে চেনে গোটা দুনিয়া। কখনো প্রেমিক, কখনো কমেডিয়ান, কখনো আবার দেশপ্রেমে উদ্বুদ্ধ সামরিক কর্তা—অভিনয়ের এই সর্বজনীনতার গুণে খ্যাতির চূড়ায় পৌঁছানো এই তারকার নাম শাহরুখ খান। দীর্ঘদিন ধরে হিন্দি ছবির নাম্বার ওয়ান নায়কের আসন দখল করে রাখা এই মেগা স্টার প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন ৯ ডিসেম্বর।নগরের আর্মি স্টেডিয়ামে ১০ ডিসেম্বর নেচে-গেয়ে দর্শকদের মন মাতাবেন শাহরুখ খান। বাংলাদেশে এসে তিনি একাই নাচানাচি করবেন, তাই কি হয়! তাই তো বাংলাদেশের পথে চলতে সঙ্গী করে আনছেন বলিউডের রানি খ্যাত রানী মুখার্জিকে। শাহরুখ-রানী এই জুটির সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবেন অর্জুন রামপাল। সঙ্গে আসছেন ইশা কোপিকার। আর যাঁরা বোম্বে ভাইকিংসের নাম জানেন, তাঁরা নিশ্চয়ই জানেন, গান গেয়ে স্টেজ মাতাতে নীরাজ শ্রীধর মোটেও কম যান না। স্টেজ ও সেট বানিয়ে দর্শকদের বরাবরের মতো এবারও মুগ্ধ করা কোরিওগ্রাফার গণেশ হেজাজও আসছেন। ওপার থেকে মোট ১৪০ জন তারকা আনার পরিকল্পনা করা অন্তর শোবিজ কিন্তু ভোলেনি বাংলাদেশের তারকাদেরও। তাই তো কিং খানের সঙ্গে একই মঞ্চে থাকছেন বাংলাদেশের কিং খান শাকিব খান, চিরসবুজ গায়ক কুমার বিশ্বজিৎ ও নৃত্যশিল্পী প্রান্তর।অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী জানান, শাহরুখ খান আসবেন তাঁর নিজস্ব চার্টার প্লেনে চড়ে। বলিউডের এই বাদশা তাঁর নিজস্ব বডিগার্ড, মেকআপ ম্যানসহ পুরো স্টাফ নিয়েই ঢাকায় ঢুকবেন। ঢাকার পথে চলার জন্য তিনি ফরমায়েশ দিয়েছেন বিএমডব্লিউ সেভেন সিরিজের গাড়ি। ভোজনের জন্য বিশেষ কোনো পদের খায়েশ না দেখালেও পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবারগুলো তাঁর পাতে তুলে দেওয়ার সুযোগ হাতছাড়া করবে না অন্তর শোবিজ। পাঁচতারকা হোটেল র্যাডিসনের একটি স্যুইট বুক করা হয়েছে কিং খানের আয়েশ করার জন্য। ব্যস্ততার ফাঁকে নগরের কোথাও তাঁর ঘোরার ফুরসত হবে কি না, তা জানা যায়নি।মঞ্চের খুব কাছ থেকে শাহরুখকে দেখতে হলে ২৫ হাজার টাকার প্লাটিনাম টিকিট কাটতে হবে। প্লাটিনাম সারির একটু পেছনেই ১০ হাজার টাকার গোল্ড শাখার আসন। গোল্ডের ঠিক পরই ক্রমানুসারে রয়েছে পাঁচ হাজার টাকার সিলভার ও তিন হাজার টাকার ব্রোঞ্জ ক্যাটাগরি শাখার আসন। টিকিটের চড়া মূল্য সত্ত্বেও নগরবাসীর মধ্যে উৎসাহের কমতি দেখা যাচ্ছে না। ২৬ নভেম্বর থেকে টিকিট বিক্রি শুরু হলেও আগেভাগেই বুকিংয়ের জন্য দৌড়াদৌড়ি শুরু করেছেন অনেকেই। রক্ত-মাংসের শাহরুখকে দেখা চাই-ই তাদের।