শহরতলির কাঁচা বাজারেও উত্তাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দক্ষিণখান ও উত্তরখান থানার অন্যতম বড় বাজার আশকোনা হাজীক্যাম্প বাজার। শহরতলিতে এ বাজার হলেও রাজধানীর মতোই নিত্যপণ্যের উত্তাপ রয়েছে এই বাজারে। বড় বড় বাজারগুলোর মতো এখানেও পণ্যের দাম বেড়েছে। আর রমজান উপলক্ষে ভোক্তাদের এই ভোগান্তি আরও বেড়েছে। বাড়তি দামে নাভিশ্বাস উঠছে ভোক্তাদের। গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, রাজধানীর কারওয়ান বাজারের সঙ্গে এই বাজারের পণ্যের দাম খুব একটা তফাত নেই। এমনকি কোনো কোনো পণ্য কারওয়ান বাজারের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। তবে মাছ ও সবজির দাম কিছুটা কম। নাজিরশাইল চাল মানভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪২ থেকে ৪৬ টাকা। আর মিনিকেট বিক্রি হচ্ছে ৩৬ থেকে ৩৮ টাকায়। অন্যদিকে মোটা চাল কেজিপ্রতি ২৮ টাকার কমে মিলছে না। আর রোজার মাসে চিনির দাম বেড়ে যায় প্রতিবারই। এবারও এর ব্যতিক্রম হয়নি। গতকাল হাজীক্যাস্প বাজারে প্রতি কেজি খোলা চিনি বিক্রি হয়েছে ৫৫ টাকায়। আর বিভিন্ন প্রতিষ্ঠানের প্যাকেটজাত চিনি প্রতি কেজি বিক্রি হয়েছে ৬০ টাকা। কারওয়ান বাজারে গতকাল খোলা চিনি বিক্রি হয়েছে ৫৪ থেকে ৫৫ টাকায়। রোজার সময় ডাল, ছোলা, আলু ও পেঁয়াজের চাহিদা বেড়ে গেছে। তবে রাজধানীর অন্য বাজারের চেয়ে হাজীক্যাম্প বাজারে ডালের দাম কিছুটা বেশি। উন্নতমানের ডাল যা ক্যাঙ্গারু ডাল হিসেবে পরিচিত, প্রতি কেজির দাম ১১৮ থেকে ১২০ টাকা। কারওয়ান বাজারে এই ডালের দাম প্রতি কেজিতে ১১২ থেকে ১১৫ টাকা। হাজীক্যাম্প বাজারে এক কেজি বড় দানার ডালের (তুরস্ক নামে পরিচিত) দাম ৭৮ টাকা। আর প্রতি কেজি ছোলার দাম ৮৫ থেকে ৮৫ টাকা। গত এক মাসের ব্যবধানে ছোলার দাম প্রতি কেজিতে পাঁচ থেকে আট টাকা বেড়েছে। প্রতি কেজি আলু ২৫ থেকে ২৬ টাকায় বিক্রি হচ্ছে। উন্নতমানের দেশি পেঁয়াজের দাম প্রতি কেজি ৩২ টাকা, আর ভারতীয় আমদানি করা পেঁয়াজের দাম ২৬ টাকা। আর এক কেজি দেশি রসুন ৮০ টাকা, আমদানি করা রসুন ৯০ টাকা। তবে ভোজ্যতেলের দাম এখন আগের মতোই উচ্চমূল্যে বিক্রি হচ্ছে। এক কেজি খোলা ভোজ্যতেল বিক্রি হচ্ছে ১২৫ টাকায়। রূপচাঁদা ব্র্যান্ডের ভোজ্যতেলের দাম (পাঁচ লিটারের বোতল) ৬৬৫ টাকা। তবে শাকসবজি ও মাছের দাম তুলনামূলকভাবে রাজধানীর অন্য বাজারের চেয়ে এখানে কিছুটা কম। এক কেজি রুই ১৬০ থেকে ২৪০ টাকা, তেলাপিয়া ৯০ থেকে ১৪০ টাকা, পাঙ্গাশ ৮০ থেকে ১১০ টাকা, কাতল ১৬০ থেকে ২৫০ টাকা, চিংড়ি (ছোট) ৩০০ টাকা, চিংড়ি (বড়) ৭০০ টাকা, ইলিশ ৭০০ থেকে এক হাজার ২০০ টাকা, চাষের কৈ ২০০ টাকা থেকে ২২০ টাকা। আর সবজির মধ্যে এক কেজি পটল ও উচ্ছে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি বেগুন ৬০ টাকা। প্রতি কেজি শসার দাম ৫৫ থেকে ৬০ টাকা। আকারভেদে লাউয়ের দাম ৪০ থেকে ৭০ টাকা। এক কেজি টমেটো বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। প্রায় ১০ বছর ধরে হাজীক্যাম্প বাজারে আসেন অবসরপ্রাপ্ত কর্মকর্তা আ. মালেক ভুঁইয়া। তিনি জানান, রোজার কারণে নিত্যপণ্যের দাম বেড়েছে। এমনিতেই প্রতি মাসে বাজেট বাড়াতে হচ্ছে। আবার রোজায় তো বাজেট আরও বাড়াতে হয়েছে। হাজীক্যাম্প বণিক সমিতির নেতা টিটু অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী মো. টিটু জানান, টঙ্গী কিংবা কারওয়ান বাজার থেকে পাইকারি দরে কিনে খুচরা বিক্রি করতে হয়। পাইকারি পর্যায়ে দাম বাড়লে খুচরা পর্যায়ে দাম বাড়ানো ছাড়া আর কোনো উপায় থাকে না।