শহরবাসীকে কষ্টে রেখে কৃষককে বিদ্যুৎ দিয়েছে সরকার
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, সারের পেছনে কৃষক নয়, বরং সরকার কৃষকের কাছে সার পৌঁছে দিচ্ছে। এ কারণে ৪২ বছর পর আজ দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। আর এর মধ্য দিয়ে আওয়ামী লীগের অন্যতম একটি নির্বাচনী ওয়াদাও পূরণ হয়েছে।আজ শুক্রবার সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।আ.লীগ নেতা মতিয়া চৌধুরী বলেন, সরকার শহরের মানুষকে সাময়িক কষ্টে ফেলে ধান উৎপাদনের জন্য কৃষককে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করেছে। যার ফল আজ কৃষক পেয়েছেন। তিনি বিরোধী দলকে উদ্দেশ্য করে বলেন, ‘কোনো শীতাতপনিয়ন্ত্রিত কক্ষে বসে নয় কিংবা কোনো সরকারের পৃষ্ঠপোষকতায় নয়, মুসলিম লীগের তরবারির নিচে আওয়ামী লীগের জন্ম হয়েছে। সুতরাং কোনো ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা যাবে না।’বেলকুচি ডিগ্রি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী হাসান ও বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার। সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান।মতিয়া চৌধুরী বিরোধী দলের উদ্দেশ্যে আরও বলেন, তারাই ক্ষমতায় থাকাকালে দ্রুত বিচার আইন করে আওয়ামী লীগের হাজার হাজার নেতা-কর্মীর ওপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। তখন আওয়ামী লীগ বিরোধী দলে থেকে এই আইনে জামিনের ব্যবস্থা রাখার জন্য সুপারিশ করেছিল, কিন্তু সংখ্যাগরিষ্ঠতার জোরে তারা সেদিন আওয়ামী লীগের সেই সুপারিশ আমলে নেয়নি। আর আজ যখন তাদের করা দ্রুত বিচার আইনেই সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে তাদের দলের নেতা-কর্মীদের বিচার চলছে, তখন তারা মায়াকান্না করছে।মতিয়া চৌধুরী আরও বলেন, আওয়ামী লীগ সরকার মামলা করে যেভাবে মিয়ানমারের কাছ থেকে সমুদ্রসীমা আদায় করেছে, একইভাবে ২০১৪ সালে ভারতের কাছ থেকেও সমুদ্রসীমা জয় করে আনবে। তবে তার জন্য সর্বসাধারণকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আবার বর্তমান সরকারকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে।